ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠানস্থল থেকে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে মুম্বাই পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে অবস্থিত নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে (এনএমএসিসি) প্রধানমন্ত্রী মোদির অনুষ্ঠানের ভেন্যুতে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশ ওই ব্যক্তিকে এবং তার দেহরক্ষীকে আটক করে। দেহরক্ষীর কাছেই বন্দুকটি পাওয়া যায়।
পুলিশ আরও জানায়, আটক ২৪ বছর বয়সী রোহান পারেখ নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তবে যাচাই করে দেখা যায়, তার কাছে থাকা পিএমওর পরিচয়পত্রটি ভুয়া।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তিন ব্যক্তি সন্দেহজনক একটি সরকারি পরিচয়পত্র ব্যবহার করে এবং আগ্নেয়াস্ত্র নিয়ে মলের নিরাপত্তাকর্মীদের বাধা পেরিয়ে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের (বিকেসি) জিও ওয়ার্ল্ড প্লাজায় জোর করে প্রবেশ করেন। এ ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অস্ত্রটির বৈধ লাইসেন্স রয়েছে এবং এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আরও স্পষ্ট করেছে, ঘটনাটি গতকাল ঘটেছে এবং আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বাই সফরের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে দুইজনকে আটক করার ঘটনায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।
বন্দুক ও ভুয়া পরিচয়পত্র নিয়ে ভেন্যুতে প্রবেশের উদ্দেশ্য কী ছিল, তা জানতে মুম্বাই পুলিশ বর্তমানে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে।
ঘটনার গুরুত্ব বিবেচনায় মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ তদন্তের দায়িত্ব নিয়েছে।
মুম্বাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্লোবাল ফিনটেক ফেস্ট (জিএফএফ) ২০২৬-এর উদ্বোধন করবেন। এটি বিশ্বের অন্যতম বৃহৎ ও প্রভাবশালী বার্ষিক ফিনটেক সম্মেলন।