প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২১
সিলেটে পাঁচ মৃত্যুর দিনে শনাক্ত ৩৭৫
নিজস্ব প্রতিবেদক , প্রতিবেদক
সিলেট বিভাগে ভয়াবহ রূপ ধারণ করছে অতিমারি করোনাভাইরাস। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩৭৫ জন।
আক্রান্ত ৩৭৫ জনের মধ্যে রয়েছেন সিলেটে ২০২ জন, সুনামগঞ্জে ৪৪ জন, হবিগঞ্জে ৪০ জন, মৌলভীবাজারে ৩০ জন ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৯ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর ৬০ জন সদস্যও রয়েছেন।
এদিকে মৃত পাঁচ জনের মধ্যে রয়েছেন সিলেট দু’জন, সুনামগঞ্জে দু’জন ও হবিগঞ্জে একজন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় ২৯ হাজার ৯১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে রয়েছেন সিলেট জেলায় ১৭ হাজার ২৭৭ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৩৭৪ জন, হবিগঞ্জে ৩ হাজার ২১০ জন, মৌলভীবাজারে ৩ হাজার ৬৯১ জন ও ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ২ হাজার ৩৬৬ জন।
বিভাগটিতে এ পর্যন্ত সুস্থ হয়েছে ২৫ হাজার ১৬৫ জন। এর মধ্যে রয়েছেন সিলেট জেলায় ১৭ হাজার ২৬০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৯০৫ জন, হবিগঞ্জে ২ হাজার ১৬৮ জন এবং মৌলভীবাজারে ২ হাজার ৮৩২ জন। করোনা আক্রান্ত হয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৫০ জন। এরমধ্যে রয়েছেন সিলেটে ২৬৭ জন, সুনামগঞ্জে ৩৩ জন, হবিগঞ্জে সাত জন ও মৌলভীবাজারে ৪৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্যমতে, গত বছরের এপ্রিল থেকে এ বছরের ১২ জুলাই পর্যন্ত মোট করোনায় ৫২৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রয়েছেন সিলেট জেলায় ৪২৬ জন, সুনামগঞ্জে ৩৯ জন, হবিগঞ্জে ২৩ জন ও মৌলভীবাজারে ৪০ জন।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪