প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৩
সিলেটে পোস্টার লাগানোর সময় শিবিরের তিন নেতাকর্মী আটক
নিজস্ব প্রতিবেদক , প্রতিবেদক
নাশকতার অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ ছাত্র শিবিরের তিন জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে নগরের আখালিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ইসলামী ছাত্র শিবিরের বিশেষ পোস্টার, আঠা লাগানোর পাতিল ও পেট্রল বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে বলে দাবি করছে পুলিশ।
গ্রেফতার নেতাকর্মীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া গ্রামের মোজাহিদুল ইসলাম (২১), পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও রাজশাহীর মোহনপুরের মৌপাড়া গ্রামের হামিম বাদশা (২২) ও নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সুনামগঞ্জের জামালগঞ্জের আব্দুল মোতালেব (২৩)।
পুলিশ সূত্র জানিয়েছে, ঘটনার দিন ভোরে আখালিয়া নবাবী রোডের দিকে পোস্টার লাগানোর সময় তাদেরকে আটক করা হয়। ঘটনায় বাদী হয়ে গ্রেফতার এবং পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে জালালাবাদ থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট জালালাবাদ থানার ওসি সাইফুল আলম জানান, ২৮ অক্টোবরকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের বেশ কিছু নেতাকর্মী নাশকতার জন্য জড়ো হলে পুলিশ তিন শিবির নেতাকর্মীকে গ্রেফতার করে। বিশেষ আইনে একটি মামলা হয়েছে। আসামিদেরকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪