মহাগ্রন্থ কুরআনুল কারীম। মানবজাতীর চলার পথের গাইড লাইন। মুমিনদের আত্মার খোরাক। তেলাওয়াতে খুশি হয় মুমিনদের অন্তর। বাড়ে ঈমান। ঐশী গ্রন্থ। মহান আল্লাহর চিরন্তন বাণী। মিথ্যা ভুল ও সন্দেহের উর্ধ্বে এক মুজেজাপূর্ণ কিতাব। লাওহে মাহফুজে সংরক্ষিত কিতাব। হেরা গুহায় সূচনা এ কুরআন। ইকরা বিসমি দিয়ে সূচনা। বাহক ফেরেশতা জিবরাইল। প্রিয় রাসুল ঠিকানা। কুরআন এক আলোর ফোয়ারা। হেরার জ্যোতি। কুরআন মানব জাতির মুক্তির মানুষের পথ নির্দেশিকা। মুমিনের ইমানের চেতনা। মুত্তাকির জান্নাতের ঠিকানা। পথচলার সমাধান। কুরআনের মাস রমজান। এ মাসে কুরআন অবতীর্ণ হয়। তাইতো রমজান সম্মানিত। কুরআন ছোঁয়া লাগবে যে অন্তরে, সে অন্তর হবে উদ্ভাসিত। হবে সুবাসিত সুরভিত। কুরআনের ছোঁয়ায় ইমান হবে শাণিত। হবে তেজদ্বীপ্ত। আল্লাহ তায়ালা বলেন, ‘যারা ইমানদার তারা যখন আল্লাহর নাম নেয়, নরম হয় তাদের অন্তর। আর যখন তাদের সামনে কুরআন পাঠকরা হয়, তাদের ঈমান সজিব হয়ে উঠে। তারা মাওলা প্রেমে আত্মনিবেদিত হয়। সুরা আনফাল: ২ রোজায় কুরআনের সুর বাঁজে মুমিনের ঘরে ঘরে। তারাবির নামাযে পঠিত হয় কুরআন। পহেলা রোযা থেকে একাধারে ২৭ রোযা পর্যন্ত সিলেটের সকল মসজিদে মসজিদে হাফেযে কুরআনদের কণ্ঠে ধরণীত খোদার বানী। শীতল হয় মুসল্লিদের হৃদয়। এসকল হাফেযে কুরআনদের খেদমতে মুসল্লিরা মহান আল্লাহকে পাওযার আশায় থাকেন।নতুন শতাব্দীর দৈনিক শ্যামল সিলেটের এই আয়োজন হাফেযে কুরআনদের নিয়ে। আমাদের এই প্রতিবেদক হাফেযে কুরআনদের সাথে কথা বলে লিখছেন তাদের অনুভূতির কথা। সিলেটের বর্ষিয়ান আলেম আল্লামা বশির উদ্দিন শায়খে বাঘা রহ. এর স্মৃতি বিজড়িত গোলাপগঞ্জ উপজেলার বাঘা সাহেবের মহল্লার বাসিন্দা আলহাজ্ব সফিক আহমদের ছেলে ২৯বছরের টগবগে তরুণ হাফেজ মাসুদ আহমদ ১৬বছর থেকে সালাতুত তারাবির ইমামতি করছেন। তিনি ২০১২সালে বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া দারুল হাদিস মাদরাসা থেকে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেন। বর্তমানে এই মাদরাসায় শিক্ষকতাও করছেন তিনি। হাফেজ মাসুদ এর প্রথম তারাবির নামাজ পড়ান প্রথম মাঝ বাঘা জামে মসজিদে। এখানে ২টি রমজান কুরআনের খেদমত করেন। এরপর বাঘা গোলাপনগর জামে মসজিদে ২ বছর, আনছার মহল্লা জামে মসজিদে ২ বছর, নুরপুর জামে মসজিদ কদতলী সিলেটে ৪ বছর, গহরপুর জনকল্যাণ বাজার জামে মসজিদে ১ বছর, লামা হাজরাই জামে মসজিদে ১ বছর, গৌরাবাড়ী জামে মসজিদে ১ বছর, বাঘা সাহেবের মহল্লা জামে মসজিদে ৩ বছর থেকে চলতি রমজানেও তারাবির নামাজে ইমামতি করছেন। তারাবির নামাজে ইমামতির অনুভূতি কীরূপ জানতে চাইলে হাফেজ মাসুদ আহমদ বলেন, যে মসজিদে নামাজ পড়িয়েছি সেই মসজিদের মুসল্লীরা আমাকে খুব মহব্বত করেছেন। বিশেষ করে যুব সমাজ আমাকে খুব পছন্দ করতেন। আমার পিছনে নামাজ পড়ার জন্য অনেক দূর থেকেও অনেক মুসল্লিরা কষ্ট করে আসতেন। নামাজ শেষে মোসাফাহা করতেন। অনেকে নিজের বন্ধু ও ভাইয়ের চেয়ে বেশী ভালবাসতেন। যা এমন এক অনুভূতি যা অনুভবই করা যায়, ভাষায় প্রকাশ করা কষ্টসাধ্য। হাফেজ মাসুদ আহদ আরও বলেন, একাধিক মসজিদের মধ্যে বিশেষ করে হযরত শায়খে বাঘা রহঃ জামে মসজিদ যা সাহেবের মহল্লা নামে পরিচিত। এই মসজিদটি আমার নিজেরও মহল্লায়। বিগত তিন বছর থেকে তারাবি পড়াচ্ছি যা আমার ব্যক্তিগত জীবনের সবচেয়ে আনন্দের বিষয়।আমার পেছনে জন্মদাতা পিতা,বড় ভাইসহ চাচারা ও অনেক আত্মীয়-স্বজনরাও নামাজ পড়েন। ওই মসজিদের ইমাম হলেন আমার উস্তাদ। নিজের শিক্ষকের সাথে নামাজ পড়ানোর অনুভূতিটা সত্যি আমার কাছে অন্যরকম এক ভালো লাগা কাজ করছে যা আমি বলে শেষ করতে পারবো না হাফেজ মাসুদ আহমদ বলেন, আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ তায়ালা যতদিন বাঁচিয়ে রাখেন, ততোদিন যেনো কুরআনে কারীমের খেদমত করার তাওফীক দান করেন।