সিলেটে ক্রমশ বাড়ছেই বৃষ্টিপাত। টানা বৃষ্টির ফলে ডুবে গেছে সিলেট নগরীর বেশীরভাগ সড়ক। পাড়ামহল্লার পথঘাটও পানির নিচে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
যান চলাচল ব্যহত হচ্ছে। তাছাড়া শাহজালাল উপশহরসহ নগরের অনেক এলাকার খানাখন্দকে ভরপুর সড়কগুলোতে জমে যাওয়া পানিতে দুর্ঘটনার সম্মুখিন হচ্ছেন পথচারীসহ যানবাহনের আরোহীরা।
রাত থেকে নির্ঘুম রাতও কাটাতে দেখা গেছে শহরের নিম্নাঞ্চল এলাকার বসবাসকারীদের। ইতোমধ্যে রেলস্টেশন, উপশহরসহ অসংখ্য এলাকায় অনেক দোকানপাট ও বাসাবাড়িতে পানি ঢুকে যেতে দেখা যায়।
পানি দেখলেই সিলেটবাসীর মাঝে ২০২২ সালের ভয়াবহ বন্যার ভয় চোখে ভাসে। তারা আশংকা করছেন বাইশের বন্যার মতো যদি আবার পরিস্থিতি সৃষ্টি হয়।
খোঁজ নিয়ে জানা যায়, মদীনা মার্কেট, দরগাহ মহল্লা, পীর মহল্লা, হাউজিং এস্টেট, শিবগঞ্জ, মেন্দিবাগ, রেলগেইট, মাছিমপুর, দক্ষিণ সুরমা, মেজরটিলাসহ অসংখ্য এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে সিলেটে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার বেলা ২টা (এই রিপোর্ট লেখা পর্যন্ত) টানা বৃষ্টি হচ্ছিল।
আবহাওয়া অফিস সিলেটের আবহাওয়াবিদ শাহ মোঃ সজিব হোসাইন শ্যামল সিলেটকে গত ২৪ ঘন্টায় সিলেটে বৃষ্টিপাত রেকর্ডের তথ্য দিয়েছেন। যেখানে দেখা গেছে ৩ ঘন্টার ব্যবধানে ৮ মিলিমিটার বৃদ্ধি পেয়েছে বৃষ্টিপাত।
আবহাওয়া অফিস সিলেটের তথ্য অনুযায়ী, শুক্রবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ৮৭.৪ মিলিমিটার।
এরপর সকাল ৯টা পর্যন্ত মাত্র ৩ ঘণ্টায় আরও ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
অপরদিকে সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকলে পাহাড়ি ঢল এবং নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার কিছু অংশ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড স্থানীয় প্রশাসন ও জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।
ইতোমধ্যে নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। এর প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি ও ঝড়ো হাওয়া। বৈরী এই আবহাওয়ার কারণে সিলেটের জনজীবনে দুর্ভোগ নেমে আসে।
মে মাস ঘূর্ণিঝড়প্রবণ মাস। গত দেড় যুগে (২০০৭ থেকে ২০২৫) এই মাসে ১২ বার ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। এর আঘাত পড়েছে উপকূলে। কিন্তু এবার এর পুরো ব্যতিক্রম। সাগরে নিম্নচাপ সৃষ্টি হলেও তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। যদিও সম্ভাব্য এ ঘূর্ণিঝড়ের নাম ছিল ‘শক্তি’। তবে ভারী বৃষ্টিতে সিলেটের ৪ জেলাসহ দেশের ১১ জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে সতর্কতা জারি করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। চলতি মাসের শুরুতে আবহাওয়া অধিদপ্তর বলেছিল, মাসের শেষে একটি ঘূর্ণিঝড় হতে পারে। কিন্তু গতকাল বৃহস্পতিবার অধিদপ্তরের সব আবহাওয়াবিদ বারবারই জোর দিয়ে বলেছেন, ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা কম; বরং একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। বাস্তবেও তা-ই হলো। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলো না কেন : সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ঘূর্ণিঝড়’ নিয়ে আলোচনার দাপট লক্ষ্য করা গেছে। এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়ে নানা কথাও বলা হয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম ছিল ‘শক্তি’। গত মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়। বুধবার তা সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। বৃহস্পতিবার ভোরে এটি নিম্নচাপে পরিণত হয়। পরে তা গভীর নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে বেলা ৩টার দিকে। আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেছেন, নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে উপকুল অতিক্রম শুরু করে বিকেলে। এর গতিপ্রকৃতি অনুযায়ী এটি স্থলভাগের দিকে উঠে এসেছে। এ থেকে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা নেই। সাগরে প্রথম লঘুচাপ, তারপর সুষ্পষ্ট লঘুচাপ, পরে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ এবং শেষে তা ঘূর্ণিঝড় হয়। এবার শুরুর প্রক্রিয়াগুলো একই রকম ছিল। কিন্তু শেষতক ঘূর্ণিঝড় হলো না। কেন? এ প্রশ্নের জবাবে আবহাওয়াবিদেরা কয়েকটি কারণের কথা উল্লেখ করেছেন। এর প্রথম কারণ হিসেবে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক এস এম কামরুল হাসান মৌসুমি বায়ুর সক্রিয়তার কথা বলেছেন। তাঁর কথা, ‘মৌসুমি বায়ু এবার সময়ের আগেই দেশে প্রবেশ করেছে। আর তা অনেকটাই সক্রিয়। এই সক্রিয়তা ঘূর্ণিঝড় সৃষ্টি হতে দেয়নি। এদিকে, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যাবে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপের এর প্রভাবে দেশের অন্তত ১৪ জেলার বিভিন্ন স্থানে ২ থেকে ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। সিলেটে বন্যার শঙ্কা, সতর্কতা জারি : বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, যাদুকাটা, মনু, ধলাই, খোয়াই ও সোমেশ্বরী নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে। এসব নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এ সময় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলায় এসব নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে। আজ শুক্রবার পর্যন্ত পূর্বাভাসে এই সতর্কতা জারি করা হয়েছে। একইসাথে চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী ও ফেনী ইত্যাদি নদীর পানি বাড়তে পারে। এ সময় মুহুরী নদীর পানি কিছু পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে ফেনী জেলার মুহুরী নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। পানি বেড়ে রংপুর বিভাগে তিস্তা নদীও কিছু পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে তিস্তাসংলগ্ন রংপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।