দেড় ঘন্টার ব্যবধানে বজ্রপাতে সিলেটের কানাইঘাট ও সুনামগঞ্জের ধর্মপাশায় প্রাণ হারিয়েছেন দুই নারী ও পুরুষ। শনিবার দুপুরে পৃথক বজ্রপাতে তাদের প্রাণ যায়।
বেলা সাড়ে ১১টার দিকে কানাইঘাট উপজেলা সদরের বাজারে যাচ্ছিলেন মাঝি তাজুল ইসলাম (৩৫)। চাপনগরঘাট এলাকায় পৌঁছামাত্রই বিকট শব্দে নৌকায় বজ্রপাত পড়লে তাজুল পানিতে পড়ে যান। আধা ঘণ্টা পর কিছু দূরে তাঁর মরদেহ ভেসে ওঠে। বজ্রপাতে আহত হয়েছেন ওই নৌকার দুজন যাত্রী।
পুলিশ জানিয়েছে, উত্তর লক্ষ্মীপ্রসাদ নয়াগ্রামের বাসিন্দা তাজুল নৌকা দিয়ে কানাইঘাট বাজারে আসছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তিনি নদীতে পড়ে যান। প্রায় আধা ঘণ্টা পর তাঁর মরদেহ কানাইঘাট পৌরসভার খেয়াঘাট এলাকায় ভেসে ওঠে। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাজুলকে মৃত ঘোষণা করেন। তাজুলের নৌকায় থাকা দুজন যাত্রীও বজ্রপাতে আহত হন। তবে তাঁরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আউয়াল জানান, নিহত ব্যক্তির মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে একইদিন দুপুর ১টার দিকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আয়োশা বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের মগুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই নারীর পরিবার সূত্রে জানা যায়, মগুয়ারচর গ্রামের আয়েশা বেগম বাড়ির সামনে একটি খালের পানিতে গোসল করতে যান। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। গোসল শেষে বাড়ির উঠানে আসামাত্র হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ধর্মপাশা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জিয়া উদ্দিন বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক।
ওই নারী বিধবা ছিলেন। বজ্রপাতে তাঁর মাথার বেশ কিছু স্থান ঝলসে গেছে। ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। তাঁর তিন ছেলে ও তিন মেয়ে আছে।
বজ্রপাতে নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক।