আসন্ন জাতীয় সংসদ নির্বাচনই এখন রাজনীতির মাঠ ও মাঠের বাইরে আলোচনার বিষয়। অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) ঘোষণায় ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে, তা এখনও বড় প্রশ্ন। গ্রহণযোগ্য নির্বাচনের হিসাব মেলাতে লাগবে নানা সমীকরণ। বিশেষজ্ঞরা বলছেন, জুলাই সনদে ঐকমত্য, সব দলের অংশগ্রহণ, স্বচ্ছ ভোটগ্রহণ ও ফল প্রকাশ-এসব সমীকরণ মিললেই কেবল নির্বাহ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা সম্ভব।
সরকারের সবুজ সংকেত পেয়ে ইসি ঘোষণা দিয়েছে-আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ দেবে। রাজনৈতিক বিশ্লেষক ও রাজনৈতিক দলের নেতারা বলছেন, এবারের নির্বাচন গ্রহণযোগ্য করা চ্যালেঞ্জ। এখানে শুধু ইসি বা সরকার আন্তরিক হলেই হবে না, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেও বিশেষভাবে সহযোগিতা করতে হবে।
বিশেষ করে জুলাই আন্দোলনে ভূমিকা রাখা বিএনপি ও তার মিত্র রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীকে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আন্তরিক হতে হবে। কারণ, সরকারের নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সব সময়ই চাইবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক। সুযোগ পেলে তারাও সেই ধরনের পরিবেশ সৃষ্টি করতে চাইবে।
তবে, ২৪-এর জুলাই আন্দোলনের ভূমিকা রাখা রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য থাকলে আওয়ামী লীগ তার উদ্দেশ্যে সফল হবে। রাজনৈতিক বিশ্লেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর ড. আল মাসুদ হাসানুজ্জামান আমাদের সময়কে বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের একটা সময় ঘোষণা করেছে। আবার নির্বাচন কমিশনও বলেছে, তারা রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচনের মূলত তিনটি অংশীজন। তারা যেন সবাই অংশগ্রহণ করে, এটা দেশবাসীর প্রত্যাশা। এনসিপি ও জামায়াতে ইসলামী শর্তসাপেক্ষে নির্বাচনে অংশগ্রহণের কথা বলেছে।
সেগুলো মীমাংসা করা অবশ্যক। জুলাই সনদের বিষয়ে যদি এক ধরনের ঐকমত্য আসে, বিশেষ করে নির্বাচনসহ প্রধান বিষয়গুলোর ক্ষেত্রে যদি ঐকমত্য হয়, তাহলে নির্বাচন সহজতর হবে। এবং শর্ত ছাড়া রাজনৈতিক দলগুলো নির্বাচনে আসতে পারবে। জুলাই সনদ খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে ঐকমত্য হলে নির্বাচন অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু হবে বলে বিশ্বাস করছি। তিনি এও বলেন, নির্বাচন নিয়ে দলগুলো যদি নিজেও আলোচনা করে, তাহলেও সংকট উত্তরণে সহায়ক হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ আমাদের সময়কে বলেন, আমি কোনো সংশয় দেখি না।? জামায়াত বা এনসিপি যে কথাগুলো বলেছে- এটা তাদের আদর্শিক চাপ। যেহেতু তারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। তাই তারা বিএনপিকে চাপ প্রয়োগ করতেই এ ধরনের কথা বলছে। শেষ পর্যন্ত তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে কোনো সংশয় দেখি না।
রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, বাংলাদেশ সৃষ্টির পর যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে খুবই কম নির্বাচন গ্রহণযোগ্যতা পেয়েছে। ১৯৯১ সালের ৫ম, ১৯৯৬ সালের ৭ম, ২০০১ সালের ৮ম এবং ২০০৮ সালের ৯ম- এই তিনটি নির্বাচনই অংশগ্রহণমূলক ছিল।
রাজনীতির মাঠে নানা কথা থাকলেও এসব নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বড় কোনো প্রশ্ন নেই। তবে আওয়ামী লীগ ও তার মিত্রদের বর্জন করা ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ, বিএনপি ও তার মিত্রদের বর্জন করা ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম এবং ২০২৪ সালের সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদের একতরফা নির্বাচন দেশ-বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি। এসব নির্বাচনে ভোটারের উপস্থিতিও ছিল নামমাত্র। শুধু তাই নয়, স্বাধীনতা-পরবর্তীসময়ে দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন অংশগ্রহণমূলক হলেও তাও গ্রহণযোগ্যতা পায়নি, যার বড় উদাহরণ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন।
এই নির্বাচনে আওয়ামী লীগ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আগের রাতে দলীয় ব্যালেট নৌকা প্রতীকে সিল মেরে বাক্স ভর্তি করে ফল নিজেদের অনুকূলে নেয়। এই অবস্থায় রাজনৈতিক দল ও রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কিছু ব্যক্তি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে আছেন। কয়েকজন উপদেষ্টাকে মনে করা হয় এনসিপির লোক। নির্বাচনকালীন সরকারে তাদের থাকা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপত্তি আছে। সুনির্দিষ্টভাবে যাদের নিয়ে আপত্তি আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তাদের অন্তর্বর্তী সরকার থেকে বাদ দিতে হবে।
তা না হলে অতীতের মতো প্রশ্ন উঠতে পারে। গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা এবং জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টাকে নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে।