কানাইঘাটের লোভাছড়া কোয়ারি থেকে পাথর পরিবহনে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুারোর (বিএমডি) নিষেধাজ্ঞার পর নজরদারি শুরু করেছে প্রশাসন। কোয়ারিতে রাখা জব্দকৃত পাথর সুরক্ষায় শুক্রবার সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফরহাদ হোসেন খানকে সার্বক্ষণিক দেখভালের দায়িত্ব দেয়া হয়েছে। শনিবারও সরেজমিন কোয়ারি এলাকা পরিদর্শন করেছে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
দিনভর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফরহাদ উদ্দীন অভি কোয়ারি এলাকা পরিদর্শন করেন। তিনি স্থানীয় লোকজন, পাথর ব্যবসায়ী, নৌযান মালিক ও পরিবহণ শ্রমিকদের সঙ্গে কথা বলেন। ২৫ আগস্টের মধ্যে কোয়ারিতে রাখা পাথর বহনের সবধরনের নৌযান সরিয়ে নেয়ার নির্দেশনা দেন। বলেন, বেঁধে দেয়া সময়ের মধ্যে নৌযান সরানো না হলে কঠোর আইনি পদক্ষেপ নেয়া হবে।
কেউ প্রশাসনের নির্দেশ অমান্য করে সরকারের পরবর্তী নির্দেশনা ছাড়া কোয়ারীতে রাখা জব্দকৃত পাথর পরিবহন, অপসারণ এবং অবৈধভাবে পাথর উত্তোলনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোয়ারি এলাকার সার্বিক পরিস্থিতি বজায় রাখতে নিয়মিত অভিযান চলবে বলেও জানান তিনি।
এ সময় থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালে কোয়ারীর উত্তোলনকৃত ১ কোটি ঘনফুটের উপরে পাথর পরিবেশ অধিদপ্তর কর্তৃক জব্দ করা হয়। জব্দকৃত পাথরের মধ্যে ৪৫ লাখ ঘনফুট পাথর সম্প্রতি নিলাম হলে সেই নিলাম পিয়াস এন্টারপ্রাইজ পায়। নিলামকৃত পাথর পরিবহনের সময় ২৩ জুলাই শেষ হলে পিয়াস এন্টারপ্রাইজ সময় বাড়ানোর জন্য উচ্চ আদালতে রীট পিটিশন মামলা করে। মামলার পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত লোভাছড়া কোয়ারীতে পাথর পরিবহন বন্ধ করার জন্য ১৮ আগস্ট বিএমডি নিষেধ দেয়।