আবুল মোহাম্মদ। যিনি একাধারে সাংবাদিক, সাহিত্যিক ও সমাজসেবক। যার চলনে-বলনে ছিল সরলতা। সবার সাথে ছিল হৃদ্যতাপূর্ণ সম্পর্ক।
যিনি সিলেটের সাংবাদিক অঙ্গনে 'আবুল ভাই' নামে পরিচিত ছিলেন। দৈনিক শ্যামল সিলেট প্রকাশনার পরপরই তিনি যোগদান করেন। তিনি পর্যায়ক্রমে স্টাফ রিপোর্টার, পরে সিনিয়র রিপোর্টার, নিউজ ইনচার্জ এবং সর্বশেষ আমৃত্যু প্রধান বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করে গেছেন।
গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাতই ছিল তাঁর শ্যামল সিলেটে শেষ কর্মযজ্ঞ। সংবাদে চোখ বুলান, সম্পাদনা করেন। কাব্যিক শিরোনাম আর নিউজের ইন্ট্রো, সম্পাদনায় অপূর্ব শব্দচয়ন, চমৎকার উপস্থাপনায় আবুল মোহাম্মদ এর জুড়ি নেই।
রোদবৃষ্টি, দেশের প্রতিকুল পরিস্থিতি কিছুতেই তাঁর অফিসে আসা মিস হতো না। শ্যামল সিলেটে আবুল ভাইয়ের উপস্থিতি মানে ভিন্নরকম আমেজ। উৎফুল্ল মন, হাসি, গল্প আর আড্ডায় কাজে ব্যস্ত রাখতেন।
তাঁর হাসিমাখা মুখ। অমায়িক ব্যবহারে শ্যামল সিলেটের সকল স্টাফরা মুগ্ধ হতেন। উপজেলা পর্যায়ের সাংবাদিকদের সাথে ছিল তাঁর সুনিবিড় সম্পর্ক। কখনো সিনিয়টির ভাব দেখান নি। অফিসে সবার সাথে ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এক কথায় বলা যায়, তিনি ছিলেন ক্ষণজন্মা এক ব্যক্তিত্ব।
কারো প্রতি কোনো অভিযোগ ছিল না তাঁর এবং তাঁর প্রতিও কোনো অভিযোগ কখনো কেউ করিনি। এমনই সহজ সরল জীবন যাপনে অভ্যস্ত ছিলেন।
পরোপকারী, সজ্জন ব্যক্তি ছিলেন তিনি।
সমাজসেবায় ছিল অভূতপূর্ব অবদান। এলাকার খেলাধুলা, সাহিত্য-সংস্কৃতি এমনকি পঞ্চায়েতের বিচারে মানুষজন আবুল মুহাম্মদকে বাসা থেকে এসে ডেকে নিতেন। তিনি গোল্ডেন ড্রিম ওমেন অর্গানাইজেশন ও সোনালী স্বপ্ন এর সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন মৃত্যুর আগ পর্যন্ত। শহর থেকে ছুটে যেতেন প্রত্যন্ত অঞ্চলে অবহেলিত, উন্নয়ন আর সুবিধাবঞ্চিত মানুষের পাশে।
সিলেট নগরীর মাছিমপুর দোয়েল-১৭ (লম্বাবাড়ি) নিবাসী জহুর উদ্দিন ও আনুরী বেগমের ঘরে ১৯৭২ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন আবুল হোসেন (আবুল মোহাম্মদ)।
ব্যক্তিজীবনে তিনি ৪ ছেলে ও ২ মেয়ে সন্তানের জনক। ৫৩ বছরের বর্ণাঢ্য কর্মময় জীবনের ইতি ঘটে সোমবার (২২ সেপ্টেম্বর)। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।