সিলেট নগরীতে ব্যাটারিচালিত রিকশা চালকদের পক্ষে আন্দোলনে নেমে ভাঙচুর মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পাল জামিন পেয়েছেন।
সোমবার সকালে সিলেট মহানগর হাকিম আদালত-১ এর বিচারক মো. শরিফুল হক তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন আমার সংবাদকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ভাঙচুরের দুটি মামলায় আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেছেন। ফলে তাদের মুক্তিতে কোন বাধা নেই।
গত শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় বাসদের আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে জাফর ও প্রণবকে আটক করে ডিবি পুলিশ।
এরপর তাদের যানবাহন ভাঙচুরের দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।
সিলেটে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশি অভিযান বন্ধের দাবিতে আন্দোলন থেকে যানবাহন ভাঙচুরের দুটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছিল।
আবু জাফর ও প্রণব জ্যোতি পালের গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। বাম গণতান্ত্রিক জোট সিলেটে মিছিল ও সমাবেশ করে তাদের মুক্তির দাবি জানায়। ভাঙচুরের দিন জাফর একটি আন্তর্জাতিক কনফারেন্সে ঢাকায় ছিলেন বলেও জানা যায়।