সবুজ-শ্যামল আর নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর সিলেটে নেমেছে পর্যটকদের ঢল দুর্গাপূজা, সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটিতে প্রাণচঞ্চল হয়ে উঠেছে জাফলং, সাদাপাথর, চা বাগানসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলো।
আজ শনিবার ছুটির শেষ দিনে পর্যটকদের এই উপচেপড়া ভীড় কমে যাবে। শুক্রবার সিলেট নগরীর হোটেল-মোটেল আর রিসোর্টগুলো ছিল পর্যটকে ভরপুর। পর্যটন আর হোটেল ব্যবসা সংশ্লিষ্টরা জানিয়েছেন ছুটি শুরুর আগেই ৮০ ভাগ কক্ষ বুকিং হয়ে গিয়েছিল।
শুক্রবার সিলেটে সবচেয়ে বেশী পর্যটকের সমাগম ঘটেছে। নগরীর অভিজাত থেকে শুরু করে মধ্যম সাধারণ মানের হোটেলগুলোতেও রুম খালি না থাকায় বিপাকে পড়তে হয়েছে অনেক পর্যটককে।
বিশেষ করে দরগাহ গেইট, জিন্দাবাজার, আম্বরখানা, সুবহানীঘাট এলাকার হোটেলগুলোতে রুম সংকট দেখা দেয়।
পর্যটন স্পটের পাশাপাশি শহরের চা বাগানগুলোতেও হাজার হাজার পর্যটকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এছাড়া পৃথিবীর মিঠাপানির ২২টি জলাবনের একটি সিলেটের গোয়াইনঘাট উপজেলার “রাতারগুল জলাবন”। ৩,৩২৫.৬১ একর আয়তনের এই জলাবন বা সোয়াম্প ফরেস্ট পর্যটকদের কাছে বরাবরই রোমাঞ্চকর।
বনের ভেতর নৌকা ভ্রমণের সময় নানা প্রজাতির সাপ ও প্রাণী রোমাঞ্চিত করে পর্যটকদের। সেখানকার বিভিন্ন প্রজাতির পাখির কলরবও মনোমুগ্ধকর। কোম্পানিগঞ্জের সাদা পাথরও অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। নদীর পরিস্কার ধবধবে পানি আর সাদা পাথরে মন ছুঁয়ে যায় পর্যটকদের। অনিন্দ্য সুন্দর প্রকৃতির জাফলং ও বিছানাকান্দিও পর্যটকদের বিমোহিত করে।
এসব পর্যটন স্পটের সৌন্দর্য উপভোগ করতে অসংখ্য পর্যটক আসেন সিলেটে। এছাড়া হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) মাজার এবং চা বাগানের সবুজ দৃশ্য মন কাড়ে পর্যটকদের।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ছুটির শুরুতে থেকেই সিলেটে পর্যটকের আনাগোনা শুরু হয়ে যায়। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকেন নানা বয়সী ভ্রমণ পিপাসুরা। ফলে পর্যটক সামলাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে হোটেল মোটেল কর্তৃপক্ষকে।
এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম জানান, ‘সিলেটের পর্যটন স্পটগুলোতে জেলা প্রশাসনের বিশেষ দৃষ্টি ছিল। পর্যটকদের নিরাপত্তা ও ব্যবস্থাপনার বিষয়ে স্থানীয় প্রশাসনকে কঠোর বার্তা দেয়া হয়েছিল। ফলে বেশি সংখ্যক পর্যটকের উপস্থিতি সত্বেও কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি।’