আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচী ঘিরে জনমনে নতুন আশঙ্কা তৈরি হয়েছে। এ দিনটিকে ঘিরে সব ধরনের নাশকতা এড়াতে সিলেটে বিশেষ সতর্কতায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে, সিলেটে নাশকতার কোন ধরনের আশঙ্কা তৈরি হয়নি বলে নিশ্চিত করেছে র্যাব ও পুলিশ।
জানাগেছে, আগামী ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায়ের তারিখ নির্ধারণ হতে যাচ্ছে। রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে 'ঢাকা লকডাউন', 'ঢাকা ব্লকেড'সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন আওয়ামী লীগের পলাতক নেতারা। তারা জনমনে ভয়ভীতি ছড়াতে ছোট ছোট ঝটিকা মিছিল শুরু করেছে সিলেটসহ সারাদেশে। গত শুক্রবার সন্ধ্যায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকায় 'জয় বাংলা' স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করে। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় সমালোচনা করেন নেটিজেনরা।
এ ঘটনায় শুক্রবার রাতেই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করে সিলেট মহানগর পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মহানগর ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মো. ওমর ফারুক, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আহমেদ ও ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য আব্দুর রশিদ। এদিকে, সোমবার সিলেট আদালতে হাজিরা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা 'জয় বাংলা' স্লোগান দিতে দেখা যায়।
প্রকাশ্যে আদালতপাড়ায় এমন স্লোগান দেয়ায় পতিত আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাছাড়া নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতারা, যারা জুলাই আন্দোলনের বিভিন্ন হত্যা মামলায় অভিযুক্ত রয়েছেন, তারা ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রচারণা ঘিরেও নানা শঙ্কা তৈরি হয়েছে। ডেটলাইন ১৩ নভেম্বর
বিভিন্ন সূত্রে জানা যায়- 'ঢাকা লকডাউন' বা 'ঢাকা ব্লকেড' কর্মসূচী ঘিরে পলাতক নেতাকর্মীরা ঢাকায় সমবেত হচ্ছেন। বাসযোগে অনেকেই সিলেট থেকে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন বলেও একাধিক সূত্রে জানা গেছে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেটের মানচিত্রকে বলেন, 'পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ। তাদের কোনো কর্ম কিংবা অপকর্মের তৎপরতা চালাতে দেওয়া হবে না। আমরা সতর্ক আছি, কঠোর অবস্থানে আছি। তিনি বলেন, 'এ পর্যন্ত সিলেটে কোন আশঙ্কা নেই। এরপরও মহানগর পুলিশ অতিরিক্ত নজরদারি বাড়িয়েছে। যারা নাশকতার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।'
র্যাব-৯ এর মিডিয়া শাখার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, 'আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যদি কোন নাশকতা হয়, সেটা মোকাবিলায় সকল প্রস্তুতি রয়েছে'।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. রফিকুল ইসলাম বলেন, 'এ পর্যন্ত আমাদের কাছে কোন তথ্য নেই। তবে, কোন ধরনের নাশকতার চেষ্টা করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।'
মূল রিপোর্ট: সিলেটের মানচিত্র