সিলেট বিভাগে হামের পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৯৭৫ জনের।
এর মধ্যে সিলেট জেলায় ৩১১ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৪ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন। হবিগঞ্জে শনাক্ত দুইজনের ক্ষেত্রে রুবেলা রোগও রয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ১২৯ জন।
এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৪ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২১ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে দুজন ভর্তি হয়েছে।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে ভর্তি রয়েছে ৩০৯ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২২ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০৯ জন চিকিৎসাধীন।