প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাফলং-ডাউকি ইসিএ এলাকায় পরিবেশ অধিদপ্তরের বড় অভিযান
ডেস্ক নিউজ , প্রতিবেদক
গোয়াইনঘাট উপজেলার প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) জাফলং-ডাউকিতে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর। এর অংশ হিসেবে সংবেদনশীল এই এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অবৈধভাবে ব্যবহৃত বিপুল পরিমাণ ড্রেজার ও ভারী যন্ত্রপাতি ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার বাউড়ভাগ হাওড়, নন্দিরভাগ হাওড়, চা বাগান, ঝুমপাড় ও জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান চালানো হয়।
পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এই মোবাইল কোর্টের নেতৃত্ব দেন বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা ৫ অনুযায়ী এই আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়।
অভিযান চলাকালে জাফলং-ডাউকি ইসিএ-এর বাউড়ভাগ হাওড়, নন্দিরভাগ হাওড়, চা বাগান, ঝুমপাড় এবং জিরো পয়েন্ট এলাকায় পরিবেশের মারাত্মক ক্ষতিসাধনকারী ১০টি ড্রেজার মেশিন, ৬টি এক্সকেভেটর, ৫টি জেনারেটর, ৪৪টি বারকি নৌকা, ১৩টি কনভেয়ার বেল্ট, ১৫টি শ্যালো মেশিন এবং ৫টি ব্যাটারি ধ্বংস করা হয়। এ ছাড়া আরও ৪টি ব্যাটারি জব্দ করা হয়েছে।
অভিযানের বিষয়ে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ জানান, সিলেট বিভাগের অধীন জেলাগুলোতে শব্দদূষণকারী অবৈধ হাইড্রোলিক হর্ন ও যত্রতত্র পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় বায়ুদূষণ রোধ, পাহাড়-টিলা কর্তন, অবৈধ ইটভাটা এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
পরিবেশ সুরক্ষার এই অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির ও বিভাগীয় কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান আল মামুনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনী।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪