প্রকাশ্যে ঘুষ নেওয়াকে যৌক্তিক বলে মন্তব্য করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে প্রত্যাহার করা হয়েছে।
অভিযুক্ত ওই পুলিশ সদস্যকে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাতে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরপরই পুলিশ প্রশাসন এই তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারে এক ব্যবসায়ীর মামলার তদন্তে যান এএসআই ইলিয়াস হোসাইন। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে পুলিশের ঘুষ গ্রহণ নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করেন, যা এক ব্যক্তি মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।
পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার ঝড় ওঠে। ভিডিওতে এএসআই ইলিয়াসকে পুলিশের পোশাকের সঙ্গে ঘুষ নেওয়ার বিষয়টিকে সম্পৃক্ত করে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিষয়টি জানার পরই সোমবার রাতেই ওই পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।
মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মাফিউর রহমান জানান, ভিডিওর বক্তব্য, এর প্রেক্ষাপট ও পুরো ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।