সিলেটের বালাগঞ্জে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ মামলায় সুমেল খাঁ (৪০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেট জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি সুমেল খাঁ সিলেট জেলার বালাগঞ্জ থানার গোপকান গ্রামের তইমুজ খাঁ’র ছেলে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০০৭ সালের ৫ নভেম্বর রাতে বালাগঞ্জ উপজেলা হাসপাতালের দ্বিতীয় তলার ১৩ নম্বর মহিলা ওয়ার্ডে ১০ বছর বয়সী ওই শিশুকে ধর্ষণ করেন সুমেল খাঁ। ঘটনার পরদিন ভুক্তভোগী শিশুটির চাচা বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন।
সিলেট জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মোস্তাক আহমদ রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করেন, যা অনাদায়ে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।