শারদীয় দুর্গাপূজার টানা ছুটিতে চায়ের দেশ মৌলভীবাজারে উপচে পড়া পর্যটকের ঢল নেমেছে। শরতের মনোরম আবহাওয়ায় জেলার প্রধান প্রধান পর্যটন কেন্দ্রগুলো এখন প্রকৃতিপ্রেমীদের পদচারণায় মুখরিত। সবুজ পাহাড়, চা বাগান আর লেকের নদে ঘুরে বেড়ানোর পাশাপাশি প্রিয়জনদের সাথে ছবি তুলে স্মরনীয় মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করছেন দর্শনার্থীরা।
পর্যটন সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, ছুটিকে কেন্দ্র করে জেলার বাইরে থেকে প্রচুর পর্যটক এসেছেন। ফলে স্থানীয় হোটেল, মোটেল ও রিসোর্টগুলোর প্রায় শতভাগ কক্ষ আগে থেকেই বুকিং হয়ে গেছে।
মঙ্গলবার শ্রীমঙ্গলের চা বাগান পরিদর্শনে আসা পর্যটক মেধা নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “সবুজের মাঝে এসে খুব ভালো লাগছে। আমাদের হৃদয় জুড়ে আছে মৌলভীবাজার।” ঢাকা থেকে মাধবপুর লেকে ঘুরতে আসা পর্যটক বুরহান জানান, ইট-পাথরের যান্ত্রিক শহর ছেড়ে চায়ের রাজ্যে পাহাড়ের পাদদেশে নীল পদ্মের লেক দেখে তিনি মুগ্ধ।
কিশোরগঞ্জ থেকে প্রথমবারের মতো আসা অন্তিকা ঘোষ জানান, একসাথে পূজা দেখা ও লাউয়াছড়া, বধ্যভূমি ’৭১ এবং মাধবপুর লেকসহ চা বাগানগুলো ঘুরে দেখার দারুণ সুযোগ হয়েছে তার। অন্যদিকে টাঙ্গাইল থেকে আসা তরুণ পান্থ দেশের অন্যান্য স্থানের তুলনায় শ্রীমঙ্গলের সবুজ ঘেরা প্রাকৃতিক পরিবেশকে সেরা বলে অভিহিত করেন।
মৌলভীবাজার পর্যটন সেবা সংস্থার সাবেক সভাপতি সেলিম আহমেদ জানান, টানা ছুটিতে প্রচুর পর্যটক এলেও সেই তুলনায় সরকারি পর্যায়ে পর্যাপ্ত সুযোগ-সুবিধা গড়ে ওঠেনি।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে মৌলভীবাজার ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় যৌথভাবে ট্যুরিস্ট পুলিশ, বিজিবি ও স্থানীয় প্রশাসন দিনরাত কাজ করছে এবং সার্বক্ষণিক নজরদারি জোরদার রাখা হয়েছে।