বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামী মিলে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
তিনি বলেন, ৯৬ এর মতো আওয়ামী লীগ ও জামায়াত মিলে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। প্রধানমন্ত্রীর রাজশাহী সফর চলাকালে স্নাইপার দিয়ে হত্যার হুমকি সম্বলিক এক যুবকের ফেসবুক পোস্টের পেছনে বিরোধীদলের ইন্ধন রয়েছে। বিরোধী দলের উস্কানিতে এরকম দুঃসাহস দেখিয়েছে ওই যুবক।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, জামায়াত ও স্বৈরাচার এরশাদের সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই। ৯৬ ও ৮৬ তে আওয়ামী লীগের সঙ্গে জোট করেছিল জামায়াত। এখন আবার তারা মিলে গেছে। জামায়াত ও আওয়ামী লীগ মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।
এ সময় তিনি জামায়াত আমিরের সমালোচনা করে বলেন, জামায়াতের আমির সবসময় মিথ্যা কথা বলেন। জামায়াতের নেতারা তাকে দরবেশ ভাবতে পারে, কিন্তু জামায়াতের আমির একের পর রাজনৈতিক মিথ্যাচার করে যাচ্ছেন। তিনি জাসদ ছাত্রলীগ করতেন, সন্ত্রাস করেছেন, মিথ্যা কথা বলেছেন। জামায়াতে যোগ দেয়ার পরে কি তিনি মিথ্যা ছেড়ে দিয়েছেন? জামায়াত ও আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে প্রস্তুত আছে।
অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্য সচিব ইলিয়াস রহমান মিঠু, কলেজের প্রিন্সিপাল মশিয়ার রহমান সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।