সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মহিষসহ প্রায় ১০ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় গুয়াবাড়ি, বিওপি ও কানাইঘাট উপজেলায় একাধিক অভিযান চালিয়ে এসব চোরাই পণ্য জব্দ করা হয়।ঘড়ি কিনুন
১৯ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় গুয়াবাড়ি বিওপির একটি বিশেষ অভিযানিক টহলদল কমলাবাড়ি নামক স্থানে বিশেষ অভিযান চালায়।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪টি ভারতীয় মহিষ জব্দ করে। জব্দ করা মহিষের এর সিজার মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।
একই সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন কানাইঘাট উপজেলায় অভিযান চালায়। অভিযানে ভারতীয় নিভিয়া লোশন ১৮৩ পিস, সিগারেট ২২৮ পিস, কম্বল ২০ পিস ও খাসিয়া পান ১২০ বিড়া জব্দ করে। জব্দ করা মালামালের সিজার মূল্য ৪ লাখ ৪০ হাজার টাকা। সবমিলিয়ে জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ৯ লাখ ৫০ হাজার ৪০০ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিও লেফটেন্যান্ট কর্নেল মো. সোহেল আলম পিবিজিএম বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলছে। জব্দ করা মালামাল কাস্টমস এ জমা দেওয়ার কার্যক্রম চলছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি-এর এমন অভিযান অব্যাহত থাকবে।