মৌলভীবাজারের কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের রক্তক্ষয়ী হামলায় জাহাঙ্গীর আলম (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন। এই সংঘর্ষে নিহতের বড় ভাইও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১ নভেম্বর) বিকেলে কমলগঞ্জ উপজেলার বড়গাছ গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দিবাগত রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত জাহাঙ্গীর আলম বড়গাছ গ্রামের উম্মর মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জের রামপাশা গ্রামের লন্ডনপ্রবাসী দুলা মাস্টারের জমি বিক্রিকে কেন্দ্র করে মধ্যস্থতাকারী জাহাঙ্গীরের পরিবারের সঙ্গে স্থানীয় মাহমুদ মিয়া, মামুন মিয়া ও ময়নুল হকের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে রোববার বিকেলে জমি সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন জহিরুল ইসলামকে মাথায় আঘাত ও দা দিয়ে কুপিয়ে জখম করেন। ভাইয়ের ওপর হামলার খবর পেয়ে জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে ছুটে গেলে তাঁকেও মাথায় গুরুতর আঘাত করা হয়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীরের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ময়নুল হক (২৮) নামের একজনকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তরা আত্মগোপনে থাকলেও তাদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।