সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি, মাদকদ্রব্যসহ প্রায় ১৯ লাখ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিলেট ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।
এর আগে বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) আরেকটি অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, প্রতাপপুর সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা ও একটি দুইনলা শটগান, পাঁচ রাউন্ড গুলি এবং ১৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এ ছাড়া সীমান্তবর্তী অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ টাকা। এ ঘটনায় সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, গত তিন মাসে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের মাদকসহ মোট ৪১ কোটি ২ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে।
তিনি আরও জানান, চলতি বছরে এ পর্যন্ত ছয়টি এয়ার রাইফেল, তিনটি শটগান ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সিলেট সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম সর্বাত্মকভাবে চালিয়ে যাওয়া হবে।