হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাল গ্রামে লোকালয়ে ঢুকে পড়া প্রায় ৬ ফুট লম্বা একটি অজগর সাপ নিরাপদে উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয় এক কৃষকের চারা ক্ষেতের সুরক্ষাবেষ্টনীতে পেঁচিয়ে আটকে পড়া অবস্থায় অজগরটি উদ্ধার করেন বনবিভাগের কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে গাদিশাল গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের চারা ক্ষেতের বেড়ার জালে বিশাল আকৃতির অজগরটি প্যাঁচ লেগে আটকে থাকতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান তাৎক্ষণিকভাবে বিষয়টি এলাকার অন্যান্য মানুষকে জানান।
ঘটনা জানতে পেরে চুনারুঘাট বন্যপ্রাণী রক্ষা কমিটির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক রাজু দ্রুত হবিগঞ্জ বনবিভাগকে বিষয়টি অবহিত করেন। সংবাদ পাওয়ার পরপরই হবিগঞ্জ বনবিভাগের কালেঙ্গা বিট কর্মকর্তা আবদুল্লাহ আল আমিনের নেতৃত্বে বনবিভাগের একটি দক্ষ দল ঘটনাস্থলে পৌঁছে অতি সতর্কতার সঙ্গে নিরাপদে সাপটি উদ্ধার করে।
এদিকে ঘনবসতিপূর্ণ লোকালয়ে বিশাল আকৃতির অজগর ধরা পড়ার খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে সাপটি একনজর দেখার জন্য আশপাশের শত শত উৎসুক গ্রামবাসী ঘটনাস্থলে ভিড় জমান।
উদ্ধার অভিযানের বিষয়ে কালেঙ্গা বিট কর্মকর্তা আবদুল্লাহ আল আমিন নিশ্চিত করে জানান, অজগরটিকে বনের স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে দিতে চুনারুঘাটের রেমা-কালেঙ্গা অভয়ারণ্যে নিরাপদে অবমুক্ত করা হবে। বনবিভাগের দ্রুত পদক্ষেপে বিশাল আকৃতির সাপটি কোনো ক্ষতি ছাড়াই রক্ষা পাায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।