সিলেট নগরীর পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
এর মধ্যে টিলাগড় এলাকায় ঝটিকা মিছিলের অভিযোগে শাহপরাণ থানা পুলিশ তিনজনকে এবং কোতোয়ালী মডেল থানা পুলিশ পৃথক মামলার তদন্তে আরও তিনজনকে গ্রেফতার করেছে।
পুলিশ বলছে, টিলাগড়ের মিছিলটি আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারের নির্দেশনায় সংঘটিত হয়েছে বলে গ্রেফতার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
মঙ্গলবার রাতে ঘটে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, টিলাগড়ের মিছিল থেকে গ্রেফতার ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জ সদর উপজেলার বালিকান্দি মঙ্গলকাটা এলাকার আলাউদ্দিনের ছেলে মোহিন উদ্দিন (১৯), বালুটিকর দাসপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে মাহিন মিয়া (২০) এবং ধর্মপাশা উপজেলার শেলবরশ এলাকার আবুল বাসারের ছেলে মকবুল হোসেন নাহিদ (২০)। তাঁরা সিলেট নগরীর শাহপরাণ থানার আরামবাগ ও শিবগঞ্জ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশের ভাষ্য, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও তাঁদের সহযোগীরা বালুচর সড়ক হয়ে টিলাগড় পয়েন্টের দিকে ঝটিকা মিছিল নিয়ে যাচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি কাঠের বাটাম উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আরও কিছু লাঠি, কাঠের বাটাম, ইটের টুকরো ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ জব্দ করা হয়।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে শাহপরাণ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।
অন্যদিকে, একই রাতে নগরীর পৃথক দুটি এলাকা থেকে আরও তিনজনকে গ্রেফতার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাজিবপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে মো. সোহেল আহমদ (২০), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নলিন গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. নাইম উল ইসলাম নাইম (২৪) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া কাজীবাড়ী গ্রামের শাকিল আহমদের ছেলে জুনায়েদ আহমদ (২৩)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে নগরের মির্জাজাঙ্গাল এলাকার হোটেল নির্ভানা ইন-এর সামনে থেকে সোহেল আহমদকে গ্রেপ্তার করা হয়। পরে রাত সোয়া ১২টার দিকে বাগবাড়ি এলাকা থেকে নাইম ও জুনায়েদকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়, গত ১৮ জুন থানায় দায়ের করা একটি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে তাঁদের গ্রেফতার করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, গত রোববার রাতে গোয়াইনঘাট উপজেলার রাতারগুল সোয়াম্প ফরেস্ট-সংলগ্ন একটি রিসোর্টে রনজিত চন্দ্র সরকারের মতবিনিময় সভা ঘিরে আলোচনা-সমালোচনা তৈরি হয়। এর পরদিন নগরে তাঁর অনুসারীদের ঝটিকা মিছিলের অভিযোগে তিনজন গ্রেফতার হন বলে পুলিশ জানিয়েছে।