বড় স্বপ্ন নিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে গেলেও সেমিফাইনালের বাধা টপকাতে পারল না বাংলাদেশ দল। সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে জুনিয়র টাইগাররা।
১৩৯ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর আধিপত্য বিস্তার করেন পাকিস্তানের দুই ওপেনার হাইম খান ও উসমান খান। দুজনই তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। দলীয় জয়ের কাছাকাছি গিয়ে ৬৯ রান করা হাইম খানকে আউট করে উদ্বোধনী জুটি ভাঙেন রবিউল অনিক। তবে ম্যাচে টাইগার বোলারদের সাফল্য ছিল ওই একটি উইকেটই। এরপর উসমান খান অপরাজিত থেকে দলকে সহজেই জয়ের বন্দরে পৌঁছে দেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। জারিফ সিয়াম ও কাউসার আহমেদরা ব্যর্থ হন। একপ্রান্ত আগলে রেখে আল মুহি ব্যক্তিগত অর্ধশতক তুলে নিলেও অপর প্রান্তে যোগ্য সঙ্গীর অভাবে বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আহসান মুনিম এবং অধিনায়ক ফরিদ হাসান ফয়সালও এদিন রানের খাতা বড় করতে ব্যর্থ হন। ১০০ রান পার হওয়ার আগেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ শেষ পর্যন্ত ৩১.৪ ওভারে মাত্র ১৩৮ রানে অলআউট হয়। ব্যাটিংয়ের পর বোলিংয়েও কোনো প্রতিরোধ গড়তে না পারায় বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।