বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে শীর্ষ ২০-এ স্থান পেয়েছেন ভারতের বিশিষ্ট ইসলামী স্কলার ও রাজনীতিবিদ মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানি। তালিকায় তার অবস্থান ১৮তম। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত এ তালিকায় তাকে ‘শীর্ষস্থানীয় ইসলামী স্কলার’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) ইসলামবিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইসলামঅনওয়েবের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শীর্ষক প্রকাশনার ওয়েবসাইটে প্রকাশিত শীর্ষ ৫০-এর তালিকায় মাহমুদ মাদানির নাম রয়েছে। সেখানে তার অবস্থান ১৮তম উল্লেখ করে তাকে ইসলামী স্কলার ও ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।
১৯৬৪ সালের ৩ মার্চ ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন মাওলানা মাহমুদ আসআদ মাদানি। তিনি দেশটির বিশিষ্ট ইসলামী পণ্ডিত, ধর্মীয় নেতা ও সমাজকর্মী। ভারতের অন্যতম প্রাচীন মুসলিম ধর্মীয় সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের জাতীয় সভাপতি তিনি। তার বাবা মাওলানা আসআদ মাদানি ও দাদা মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানিও সংগঠনটির সভাপতি ছিলেন।
১৯৯২ সালে দারুল উলুম দেওবন্দ থেকে ইসলামী শিক্ষায় স্নাতক সম্পন্ন করার পর জমিয়তের কর্মকাণ্ডে যুক্ত হন মাহমুদ আসআদ মাদানি। ২০০১ সালে সংগঠনটির সাধারণ সম্পাদক হন তিনি। দীর্ঘদিন এ দায়িত্ব পালনের পর ২০২১ সালে জাতীয় সভাপতি নির্বাচিত হন। ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত ভারতের রাজ্যসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
সন্ত্রাসবাদবিরোধী অবস্থান, সংখ্যালঘুদের অধিকার রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং মানবিক কার্যক্রমে ভূমিকার জন্য পরিচিত মাহমুদ আসআদ মাদানি।
ইসলামঅনওয়েবের প্রতিবেদনে ভারতের আরও কয়েকজন মুসলিম ব্যক্তিত্বের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের আরেক নেতা মাওলানা সৈয়দ আরশাদ মাদানি, ড. জাকির নায়েক, শেখ আবুবকর আহমদ, মাওলানা সাদ কান্ধলভি ও দারুল উলুম দেওবন্দের মুফতি আবুল কাসেম নোমানি। তবে ‘দ্য মুসলিম ৫০০’-এর প্রকাশিত শীর্ষ ৫০-এর তালিকায় তাদের নাম নেই।
তালিকা তৈরির পদ্ধতি
‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণটি প্রকাশনাটির ১৮তম বার্ষিক আয়োজন। এতে বিশ্বের মুসলিম ব্যক্তিত্বদের প্রভাব মূল্যায়নে সামাজিক বিভিন্ন সূচক, জনমত ও বিশেষজ্ঞদের মতামত বিবেচনা করা হয়। ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্যক্তির ভূমিকার পাশাপাশি তাঁর সামগ্রিক জীবনের অবদানকে চলতি বছরের অর্জনের তুলনায় বেশি গুরুত্ব দেওয়া হয়।
প্রকাশকদের মতে, তালিকায় কারও অন্তর্ভুক্তি তার মতামত বা কর্মকাণ্ডের প্রতি সমর্থন কিংবা অনুমোদন নয়; বরং মুসলিম বিশ্বে সংশ্লিষ্ট ব্যক্তির প্রভাবের মূল্যায়ন।