দীর্ঘ ২৬ বছর পর হাম নির্মূলের মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে টিকাদানের হার কমে যাওয়া এবং সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পিএএইচও) মহাপরিচালককে পরামর্শ দেওয়া স্বাধীন বিশেষজ্ঞ কমিশন।
২০০০ সালে যুক্তরাষ্ট্রে হামকে নির্মূল ঘোষণা করা হয়েছিল। এর অর্থ ছিল, দেশটিতে রোগটির স্থানীয়ভাবে অব্যাহত সংক্রমণ বন্ধ হয়েছে।
তবে সাম্প্রতিক বছরগুলোতে টিকাদানে অনীহা এবং বিভিন্ন অঙ্গরাজ্যে ব্যাপক প্রাদুর্ভাবের কারণে পরিস্থিতির অবনতি ঘটে।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, কোনও দেশে একই ধরনের ভাইরাসের সংক্রমণ অন্তত এক বছর ধরে মানুষের মধ্যে অব্যাহত থাকলে সেটিকে স্থানীয়ভাবে স্থায়ী সংক্রমণ বা এন্ডেমিক হিসেবে বিবেচনা করা হয়। ভাইরাসের জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে এ সংক্রমণের ধারাবাহিকতা নির্ধারণ করেন বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত একই ধরনের হামের ভাইরাসে ৬০০ জনের বেশি আক্রান্ত হয়েছেন। এছাড়া সাউথ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া, উইসকনসিন ও নিউইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যে দীর্ঘস্থায়ী প্রাদুর্ভাব দেখা গেছে।
চলতি বছর যুক্তরাষ্ট্রে ৫ হাজার ৪০০-এর বেশি হামের সংক্রমণ শনাক্ত হয়েছে, যা ১৯৯১ সালের পর সর্বোচ্চ। আক্রান্তদের প্রায় সবাই টিকা নেননি অথবা তাদের টিকা গ্রহণের তথ্য পাওয়া যায়নি। প্রতি ৯ জন আক্রান্তের একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। অঙ্গরাজ্যগুলোর তথ্য অনুযায়ী, এ বছর অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) সাবেক কর্মকর্তা দেমেত্রে দাসকালাকিস বলেন, হাম নির্মূলের মর্যাদা হারানো দেশটির জনস্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করেছে।
বিশেষজ্ঞদের মতে, দুই ডোজ এমএমআর টিকা হাম প্রতিরোধে ৯৭ শতাংশ কার্যকর। তবে টিকার প্রতি মানুষের আস্থা কমে যাওয়া এবং শিশুদের মধ্যে টিকাদানের হার হ্রাস পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ছে।
জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ উইলিয়াম মস বলেন, যুক্তরাষ্ট্রকে আবার হাম নির্মূলের মর্যাদা ফিরে পেতে হবে। তবে টিকার প্রতি জনসাধারণের আস্থা কমে যাওয়া এবং টিকাদানের হার নিম্নমুখী হওয়ায় সেই লক্ষ্য অর্জন সহজ হবে না। সূত্র: সিএনএন