সোমবার (১৬ নভেম্বর) থেকে সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে।
পাঁচ দফা দাবিতে সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকদের ডাকা কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।
এতে সর্বস্তরের পরিবহন শ্রমিকরা অংশ নেবেন বলে জানানো হয়েছে।
সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম এ কর্মসূচির কথা জানিয়েছেন। তিনি বলেন, সোমবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর আগে দাবিগুলোর বিষয়ে কোনো সমাধান হলে তা জানিয়ে দেওয়া হবে।
গত ১২ নভেম্বর রাতে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালের মালিক সমিতির কার্যালয়ে সমন্বয় পরিষদের এক জরুরি সভায় কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন শেখ ইমরান হোসেন ঝুনু। সঞ্চালনা করেন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক নাজির আহমেদ স্বপন।
সভায় সমন্বয় পরিষদের তিন দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়।
পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকদের পাঁচ দফা দাবির প্রতিও একাত্মতা প্রকাশ করা হয়।
অটোরিকশা মালিক-শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, সিলেটের শোরুম থেকে কেনা সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন দেওয়া, নতুন ই-রিকশা ও ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন বন্ধ, পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা এবং ইজিবাইক, টমটম, মিশুক ও ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করা।
এ ছাড়া ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত জরিমানা ও মামলা বন্ধ, ট্রাফিক বিভাগে দুর্নীতি রোধ, সিএনজির জ্বালানি সংকট নিরসন এবং বিআরটিএ সিলেটের হয়রানি বন্ধের দাবিও জানিয়েছেন তারা।
এ বিষয়ে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আকবর রাজন বলেন, সোমবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট শুরু হবে।
কর্মসূচি সফল করতে সিলেটের সব সড়ক পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। দাবি আদায় ও সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।