সিলেটের সারদা স্মৃতি হলে আওয়ামী লীগের লোকজন জড়ো হয়ে সভা করতেন; এমন অভিযোগ তুলে হলটিতে তালা ঝুলিয়ে দিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সিলেট জেলা ও মহানগর শাখার নেতারা। এ সময় হলের ভেতরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভিন্ন ছবি ও প্রতিকৃতির ফ্রেমও সরিয়ে ফেলেন তারা।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জাসাস নেতারা গণমাধ্যমকে বলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের দুই নেতা শামসুল ইসলাম সেলিম ও রজতকান্তি গুপ্ত সংগঠনটিকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনে পরিণত করেছিলেন। দীর্ঘদিন ধরে তারা খবর পাচ্ছিলেন, সারদা স্মৃতি হলে জড়ো হয়ে সভা করছেন আওয়ামী লীগের লোকজন। প্রথম দিকে বিষয়টি তারা বিশ্বাস করেননি। তবে গতকাল রোববার রাতে এ ধরনের একটি সভার প্রস্তুতির খবর পান।
জাসাস নেতারা বলেন, সেই খবরের ভিত্তিতেই আজ তারা সারদা স্মৃতি হলে যান। সেখানে শেখ মুজিবুর রহমানের ছবিসহ তাদের ভাষায় ‘ফ্যাসিস্টের দোসরদের’ ছবির ফ্রেম সরিয়ে হলটিতে তালা লাগিয়ে দেন।
তাদের দাবি, সারদা স্মৃতি হলের মালিক সিলেট সিটি করপোরেশন (সিসিক)। তাই হলের চাবি সিসিকের প্রশাসকের কাছে হস্তান্তর করা হবে। এরপর তিনি এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন রায়হান জানান, তালা লাগানোর সময় সিলেট জেলা ও মহানগর জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।