স্টাফ রিপাের্ট
সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানাধীন এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন শ্রমিক লীগের নেতা রফিকুল ইসলাম ফেনুসহ দুই নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে কোতোয়ালী মডেল থানার কাজলশাহ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন শ্রমিক লীগের নেতা রফিকুল ইসলাম ফেনুকে (৬২) গ্রেফতার করে পুলিশ।
তিনি সিলেট সদর (কোতোয়ালী) থানার বাগবাড়ী, তকদির পয়েন্ট (পশ্চিম কাজলশাহ আ/এ, বাসা নং-১১৭, ৭ সোনার বাংলা) এলাকার মৃত হাজী একরাম উল্লাহর ছেলে। কোতোয়ালী মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের আরেকটি মামলায় (মামলা নং-২৬, জিআর নং-৩১২, তারিখ- ১৮/০৬/২০২৬) তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে এরআগের দিন বুধবার (১৮ নভেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে নগরীর জিন্দাবাজার পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে মোঃ নাঈম আহমদ (২৫) নামের এক সন্দিগ্ধ আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি শাহপরান (রঃ) থানার বাহুবল (৪ নম্বর ওয়ার্ড) আবাসিক এলাকার আসক আলী ও সইরুল বেগমের ছেলে।
কোতোয়ালী মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় (মামলা নং-১৫, জিআর নং-৫৩৪, তারিখ- ০৬/১১/২০২৬) সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী গ্রেফতার রফিকুল ইসলাম ফেনু সংগঠনের কর্মীদের অর্থের জোগানদাতা এবং তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদানকারী হিসেবে দায়িত্ব পালন করতেন বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃত দুজনকেই পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।