সিলেট মহানগরী এলাকায় জননিরাপত্তা নিশ্চিতকল্পে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যুক্তিসংগত কারণ ব্যতিরেকে মোটরসাইকেল চলাচল সীমিত করার নির্দেশ দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। শনিবার এসএমপির পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলেট মহানগরী এলাকায় প্রতিদিন রাত ১২ ঘটিকা হতে ভোর ৬ ঘটিকা পর্যন্ত যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে। বর্ণিত সময়ে জরুরি প্রয়োজনে চলাচলকারীদের হালনাগাদ মোটরসাইকেলের কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
জনস্বার্থে এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপকমিশনার (ডিসি সিটিএসবি) আফজাল হোসেন।