সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৬ জনে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহভাজন ১৫৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য বিভাগ জানায়, রোববার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম সন্দেহভাজন ওই শিশুর মৃত্যু হয়। মারা যাওয়া সুয়াইবা আক্তার (২ মাস) সিলেট জেলার সদর থানা এলাকার সাদিক মিয়ার মেয়ে।
এ বছর সিলেটে হাম ও হাম সন্দেহে মারা যাওয়া ২২৬ জনের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের। জেলাভিত্তিক মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট জেলায় (৯৮ জন)। এরপর সুনামগঞ্জে ৭৬ জন, হবিগঞ্জে ৩৫ জন এবং মৌলভীবাজারে ১৭ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, নতুন শনাক্ত হওয়া ৪ জনসহ চলতি বছরে সিলেট বিভাগে মোট ১ হাজার ৮২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ৯২১ জন, সিলেট জেলায় ৪৫৬ জন, হবিগঞ্জে ২৭৬ জন এবং মৌলভীবাজারে ১৭২ জন শনাক্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ভর্তিকৃত ১৫৭ জনের মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ১০৮ জন, হবিগঞ্জে ৪৩ জন, মৌলভীবাজারে ৪ জন এবং সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে মোট ৫৩৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।