সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় টানা দুই দিনের চোরাচালানবিরোধী অভিযানে ৬২ লাখ ৭২ হাজার টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য, গবাদিপশু ও যানবাহন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ নভেম্বর) এবং এর আগের দিন মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহল দল এসব অভিযান পরিচালনা করে।
বুধবার (২৫ নভেম্বর) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সদস্যরা আটটি সীমান্ত ফাঁড়ির আওতায় অভিযান চালিয়ে ৩১ লাখ ৮৮ হাজার টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেন।
বিজিবি জানায়, লাফার্জ, বিছনাকান্দি, কালাইরাগ, সংগ্রাম, দমদমিয়া, প্রতাপপুর, সোনারহাট ও উৎমা সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় টমেটো, বিভিন্ন ধরনের ফল, গরু, ক্রিম, চকলেট, আলু, চিনি, কম্বল, ওটস ও সনপাপড়ি। এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুনও জব্দ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিছনাকান্দি, প্রতাপপুর, উৎমা, মিনাটিলা, তামাবিল ও সংগ্রাম বিওপির বিশেষ টহল দল পৃথক অভিযান চালিয়ে ৩০ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা মূল্যের চোরাই মালামাল জব্দ করে।
ওই দিনের অভিযানে ভারত থেকে আনা গরু, মহিষ, টমেটো, কম্বল, চকলেট, কসমেটিকস, জুস, বিস্কুট ও ফেনসিডিল জব্দ করা হয়। পাশাপাশি অবৈধভাবে পাথর পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলি এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে বিপুল পরিমাণ রসুন আটক করা হয়।
দুই দিনের অভিযান প্রসঙ্গে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল ও পণ্যের বিষয়ে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট কাস্টমস ও থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।