সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭৭ লাখ ১৯ হাজার ৪০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বাংলাবাজার, শ্রীপুর, বিছনাকান্দি, প্রতাপপুর, সোনারহাট ও তামাবিল বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা কসমেটিকস, মহিষ, গরু, ফুচকা, টমেটো, গাড়ির টায়ার, ফল ও কম্বল জব্দ করা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুন ও সোয়েটার আটক করা হয়েছে।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক তৎপরতা ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে বিপুল পরিমাণ এই চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। আটককৃত মালামালের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।