যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, সিলেট বিভাগের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ এবং মানবকল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির (এনইসি) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় বেলা ১টায় বার্মিংহামের স্মলহিথ এলাকার আল-মিরাজ ব্যাংকুয়েটিং হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে সভায় যৌথভাবে পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি কাউন্সিলর আশরাফ মিয়া ও ট্রেজারার হেলেন ইসলাম।
সভায় সিলেট বিভাগের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ১৭ লাখ টাকার দুটি মানবিক প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার অসচ্ছল নারীদের কর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ৫০টি সেলাই মেশিন বিতরণে সাত লাখ টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ ছাড়া আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে চার জেলার গরিব, অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণে ১০ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্যাট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম. হোসাইন এমবিই। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর এবং উপদেষ্টা আলহাজ সোরাবুর রহমান, ফয়জুর রহমান চৌধুরী ও হাজি কবির উদ্দিন। তাঁরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাউথ ইস্ট রিজিওনের প্রেসিডেন্ট হারুনুর রশিদ, ওয়েস্ট মিডল্যান্ড রিজিওনের প্রেসিডেন্ট আশিক মিয়া, নাজমুল ইসলাম, কাউন্সিলর হাবিবুর রহমান রানা, তাজুল ইসলাম, মোস্তফা কামাল বাবলু, কামাল আহমদ, মুজিবুর রহমান, আব্দুল মান্নান মুন্না, শাহজানুর রাজা, ফুলজার আহমেদ, মীর গোলাম মোস্তফা, রুহুল আমীন রুহেল, আনসার উদ্দিন, শেখ জাফর আহমেদ, শাহ শাফী, শেখ নুরুল ইসলাম, জয়নাল ইসলাম, আব্দুর রহিম রনজু, সৈয়দ সায়েম করিম, আহমেদ সাদিক, রোকসানা রাজা, গিয়াস উদ্দিন, রকিবুর রহমান, এনামুল ইসলাম, ফয়সল রহমান, মুক্তার আলী, দেওয়ান মহসিন উদ্দিন, জাহাঙ্গীর হুসেইন, সৈয়দ কাহের, আব্দুল হান্নান, আসাদ আলী আসক, সাইদুল ইসলাম, আব্দুল কালাম আজাদ, সরওয়ার আহমেদ, নাজিম উদ্দীন ও হারুন আলমসহ কেন্দ্রীয়, আঞ্চলিক ও শাখা কমিটির নেতারা।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য আহমেদ সাদিক।
প্রধান ও বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, প্রবাসে বাংলাদেশিদের অধিকার, সম্মান ও স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি দেশের প্রতি দায়বদ্ধতা থেকে সিলেট বিভাগের উন্নয়ন ও মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে প্রবাসীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর পাশাপাশি দেশ ও প্রবাসের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির সমাপনী বক্তব্যে মোহাম্মদ মকিস মনসুর সভা সফল করায় উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রবাসীদের অধিকার আদায়, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং মানবিক কর্মকাণ্ড পরিচালনায় ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ে তোলার আহ্বান জানান।
তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলা এবং ব্রিটিশ এয়ারওয়েজসহ বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনসের ফ্লাইট চালুর জোর দাবি জানান।
প্রবাসীদের কল্যাণ, সিলেটের উন্নয়ন, সামাজিক ঐক্য ও মানবতার সেবায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।