তথ্যপ্রযুক্তির সহায়তায় সিলেটে অভিযান চালিয়ে চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় চুরি হওয়া দুটি মোটরসাইকেলসহ মাস্টার চাবি উদ্ধার করা হয়।
শনিবার রাতে ৯টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার মুখপাত্র (ডিসি-সিটিএসবি)
মোঃ আফজাল হোসেন স্বাক্ষরিত এক প্রেসনোটে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসএমপি'র প্রেসনোটে উল্লেখ করা হয়,
শুক্রবার (২৭ নভেম্বর) পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ দুটি মোটরসাইকেল এবং চুরির কাজে ব্যবহৃত বিশেষভাবে তৈরি তিনটি মাস্টার চাবি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে কোতোয়ালী থানাধীন কুমারপাড়া এলাকার তাকওয়া মসজিদের পাশে ব্যতিক্রম পার্লারের নিচে লাল রঙের একটি হিরো হোন্ডা গ্ল্যামার ১২৫ সিসি মোটরসাইকেল তালাবদ্ধ করে জুমার নামাজ আদায় করতে যান আরিফ আহমেদ নাঈম (৩৫)। নামাজ শেষে ফিরে এসে মোটরসাইকেলটি না পেয়ে তিনি থানায় অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে কোতোয়ালী থানার এসআই মাহবুবুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় বন্দর এলাকার কুদরতউল্লাহ মার্কেটের সামনে অভিযান চালায়।
এ সময় নাজমুল আহমেদ নাজু (৩১) নামের একজনকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত বিশেষভাবে তৈরি দুটি মাস্টার চাবি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে শাহপরান (রহ.) থানাধীন পীরেরচক এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। তাঁরা হলেন—মো. ইমরুল হাসান সিনবাদ ওরফে ইমরান (২৯), মো. আব্দুল মতিন ওরফে হেরাজু মতি (২৯) এবং সজল আহমদ ইয়াছিন (৩২)।
এ সময় তাঁদের হেফাজত থেকে চুরি হওয়া লাল রঙের হিরো হোন্ডা গ্ল্যামার ১২৫ সিসি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: সিলেট-হ-১৩-৬২০৩), লাল রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: সিলেট-ল-১১-২৫৭৩) এবং মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত আরও একটি বিশেষ মাস্টার চাবি জব্দ করা হয়।
পুলিশ জানায়, সিডিএমএস (ক্রাইম ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনা করে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন জেলা এবং কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।
এর মধ্যে নাজমুল আহমেদ নাজুর বিরুদ্ধে পেনাল কোডে দুটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ইমরুল হাসান সিনবাদের বিরুদ্ধে পেনাল কোডে ছয়টি ও দ্রুত বিচার আইনে একটি মামলা রয়েছে। একইভাবে আব্দুল মতিন ওরফে হেরাজু মতির বিরুদ্ধে পেনাল কোডে ছয়টি এবং দ্রুত বিচার আইনে একটি মামলা রয়েছে।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় পেনাল কোডের ৩৭৯ ধারায় একটি মামলা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।