সিলেটে গত ২৪ ঘণ্টায় হামে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন শনাক্ত হয়েছে ২৫ জন এবং উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে ১৪০ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪৯৮ জন।
রোববার (২৯ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী তিন বছর নয় মাস বয়সী শিশু সুলেমান মৌলভীবাজারের রাজনগর উপজেলার বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৯৬০ জনে দাঁড়িয়েছে। জেলাভিত্তিক হিসেবে সিলেটে ৪৮৬, হবিগঞ্জে ৩০৪, মৌলভীবাজারে ১৭২ ও সুনামগঞ্জে ৯৯৮ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৪০ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬০, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৭, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই, হবিগঞ্জ সদর হাসপাতালে পাঁচ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫, মৌলভীবাজার সদর হাসপাতালে পাঁচ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, সুনামগঞ্জ সদর হাসপাতালে দুই ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন হাম রোগী ভর্তি হয়েছে।
বর্তমানে চিকিৎসাধীন ৪৯৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২১, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৬৫, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৫, পার্কভিউ মেডিক্যালে ১৮, নর্থ ইস্ট মেডিক্যালে ১১, মাউন্ট এডোরা হাসপাতালে দুই, সিলেট জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২১ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৫, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৭ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২৫ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসেব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ১০৫, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ১৬ ও সুনামগঞ্জে ৭৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ১০৯, হবিগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ১৭ ও সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যু হয়েছে।
আগের ২৪ ঘণ্টায় সিলেটে হামে এক শিশুর মৃত্যু ও ১৪ জন নতুন শনাক্ত হন। উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল ১০৭ জন।