জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা।
ঘটনাটি শনিবার দিবাগত রাত একটার দিকে কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকায় কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম রোববার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে। এ ঘটনায় আজ রোববার দুপুর পর্যন্ত থানায় মামলা হয়নি।
জেলা জজ আদালতের নাজির মিজানুর রহমান বলেন, রাত দেড়টার দিকে কয়েকজন দুর্বৃত্ত কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়ক থেকে জেলা জজের বাসভবন লক্ষ্য করে একটি ককটেল ছোড়ে। সেটি বাসভবনের ভেতরে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। তখন জেলা ও দায়রা জজ বাসায় ছিলেন। তিনি একাই থাকেন। নিরাপত্তায় নিয়োজিত চারজন পুলিশ সদস্য পুলিশ ব্যারাকে থাকেন।
বিস্ফোরণের শব্দ পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, ক্ষয়ক্ষতিও হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
বাসভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ১টা ৭ মিনিট ২৪ সেকেন্ডে বাসভবনের চত্বরে বিকট শব্দ হয়। এরপর ধোঁয়া উড়তে দেখা যায়।
একই রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের মিরপুর শাখায় পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকে উপজেলার টিঅ্যান্ডটি সড়কের পাশে অবস্থিত শাখাটিতে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। রাতেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শাখাটির ব্যবস্থাপক রোকনুজ্জামান আমিন প্রথম আলোকে বলেন, দোতলা ভবনটির ওপরতলায় তিনিসহ আরেকটি পরিবার থাকে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, দুর্বৃত্তরা তাঁর শোয়ার ঘর লক্ষ্য করে পরপর কয়েকটি পেট্রলবোমা ছোড়ে। এতে জানালার কাচ ভেঙে ভেতরে পড়ে জানালার পর্দা ও বিছানার তোশক পুড়ে যায়। দুটি বোমা ভবনের দেয়ালে লেগে নিচে পড়ে যায়। ভবনের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থার সাহায্যে তাঁরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।