শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
পাহাড়-পর্বতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২২
পাহাড়-পর্বত সুরক্ষা হয়নি। ইতোপূর্বে এ-ব্যাপারে উদ্যোগ নিয়েছিলো সরকার। কিন্তু তার বাস্তবায়ন নেই। বছর চারেক আগে পাহাড় রক্ষা ও পাহাড় ধস প্রতিরোধের লক্ষে পদক্ষেপ নিতে মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়। বলা হয়- পাহাড়ের পাদদেশে কোন জনবসতি গড়ে তোলা যাবে না। বিদ্যমান বসতি জরুরি ভিত্তিতে অন্যত্র সরিয়ে নিতে হবে। ভবিষ্যতে কোন পাহাড়ে যাতে বসতি গড়ে উঠতে না পারে, সে জন্য পাহাড়ের পাদদেশে নিরাপত্তা দেয়াল নির্মাণ করা হবে। পাহাড়ের পানি নিচে নামার জন্য ড্রেন নির্মাণেরও পরিকল্পনা ছিলো।
বিষয়টি আলোচনায় আসে বর্ষা মওসুম এলেই। আর বর্ষা চলে গেলে এ নিয়ে আর কেউ কিছু বলে না। পাহাড়ি এলাকায় বর্ষা মওসুমের বিপর্যয় হচ্ছে পাহাড় ধস। প্রায় প্রতি বছরই পাহাড় ধসের ঘটনা ঘটছে এবং মাটিচাপা পড়ে মারা যাচ্ছে মানুষ। প্রতিটি ঘটনার পরই টনক নড়ে কর্তৃপক্ষের। কিছু দিন এ নিয়ে বলাবলি হয়; পরবর্তীতে সবাই যে যার মতো। বলা হয়, অতিবৃষ্টির কারণে, ঘটে পাহাড় ধস। কিন্তু হাজার হাজার বছর ধরে টিকে থাকা পাহাড়-পর্বতগুলো অতিবৃষ্টির কারণে কখনও ধসে পড়েনি। যদিও অতিবৃষ্টি অতীতেও হয়েছে। বলা যায়, বর্তমানের চেয়ে অনেকগুণ বেশি বৃষ্টিপাত হয়েছে অতীতে পাহাড়ি এলাকায়। তাই সাম্প্রতিক পাহাড় ধস কেবল অতিবৃষ্টির জন্য নয়, আরও অনেক কারণে হচ্ছে। যেমন- পাহাড় কাটা হচ্ছে অবাধে। আবার পাহাড়-টিলার নিচে নির্মিত হচ্ছে ঘর-বাড়িসহ অন্যান্য স্থাপনা। মাটি কেটে ঘর-বাড়ি নির্মাণ এবং মাটি কেটে বিক্রি করায় দুর্বল হয়ে পড়ে পাহাড়ের ভিত। সেই সঙ্গে পাহাড়-টিলায় আচ্ছাদিত বৃক্ষরাজি কেটে নেয়া হচ্ছে। ন্যাড়া পাহাড়-টিলায় অতিবৃষ্টি হলে সহজেই ধসে পড়ে মাটি।
পাহাড়-পর্বতকে আখ্যায়িত করা হয়েছে ভূমির ‘খুঁটি’ হিসেবে। কারণ ভূমির ভারসাম্য রক্ষা করে পাহাড়-পর্বত। আমাদের দেশে পাহাড়-পর্বত-টিলা কাটা আইনত নিষিদ্ধ। কিন্তু এই আইন মানছে না কেউ। দিন দুপুরে পাহাড়-টিলার মাটি কেটে নিচ্ছে দুর্বৃত্তরা। অনেক সময় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের দুর্নীতিবাজ কর্মচারিদের ‘ম্যানেজ’ করেও ধ্বংস করা হচ্ছে পাহাড়-টিলা। তাই পাহাড়-পর্বত-টিলা সুরক্ষায় কঠোর অবস্থানে যেতে হবে সরকারকে। এই সংক্রান্ত যে আইন রয়েছে তা সংশোধন করে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান রেখে নতুন আইন করতে হবে। সর্বোপরি চাই আইনের যথাযথ প্রয়োগ।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত