রক্তের নমুনা সংগ্রহ বা কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই বিদেশযাত্রীদের ভুয়া মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেওয়ার গুরুতর অপরাধে সিলেটের হিলভিউ মেডিকেল সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সরকার নির্ধারিত ফি বেশি নেওয়ার পাশাপাশি নিয়মবহির্ভূতভাবে এই প্রতারণা চালিয়ে আসছিল প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নগরের আম্বরখানা এয়ারপোর্ট রোডে অবস্থিত ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এই শাস্তি প্রদান করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অনলাইন অভিযোগের ভিত্তিতে জানা যায়, বিদেশগামী শ্রমিক বা যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ৮ হাজার ৫০০ টাকার ফি'র পরিবর্তে জোরপূর্বক ১২ হাজার ৫০০ টাকা আদায় করা হচ্ছিল। পরবর্তীতে অভিযানে নেমে সেখানে কোনো অফিশিয়াল রেজিস্টার না থাকা এবং পরীক্ষা ছাড়াই সার্টিফিকেট দেওয়ার ভয়াবহ অনিয়মের সত্যতা মেলে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা মোহাম্মদ আরিফ মিয়া জানান, প্রতিষ্ঠানটি নিজেদের দোষ স্বীকার করে ভবিষ্যতে এমন অপরাধমূলক কার্যক্রম থেকে বিরত থাকার মুচলেকা দেওয়ায় তাদের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মতামত