শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর প্রাণহানি, নতুন আক্রান্ত ১২৩৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬
দেশে হাম ও এর উপসর্গজনিত রোগের প্রকোপ অব্যাহত থাকায় শিশু মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে নতুন করে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৮ শিশু এবং ৮৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৬ জনে।
রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত দেশে মোট ১ হাজার ৫৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ শিশু এবং বাকি ৯৫৬ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। এছাড়া এখন পর্যন্ত দেশজুড়ে মোট আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩শ ৭৬ জনে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর সকাল আটটা পর্যন্ত সন্দেহজনক হাম উপসর্গের রোগী পাওয়া গেছে ১ লাখ ৭৯ হাজার ৮১৪ জন, যার মধ্যে নিশ্চিত হামের রোগী ২০ হাজার ৫৬২ জন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ শিশু এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ২২৫ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ শিশুর মধ্যে ঢাকা বিভাগে ২ জন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছে। এছাড়া এই সময়ে শুধু ঢাকা বিভাগেই সর্বোচ্চ ৪৪৯ জন হামের উপসর্গের রোগী পাওয়া গেছে, যার মধ্যে নিশ্চিত রোগী ৬৪ জন।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত