শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
নারী এশিয়া কাপ: সিলেটে শামিমা ঝড়ে উড়ে গেল থাইল্যান্ড
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২২
সিলেটে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে এবারের এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। শুরুটাও হয়েছে চ্যাম্পিয়নের মতোই। টুর্নামেন্টের ও নিজেদের প্রথম ম্যাচে থাই মেয়েদের একপ্রকার উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ৯ উইকেটের বড় ব্যবধানের জয়ে এশিয়া কাপ শুরু হলো টুর্নামেন্টের স্বাগতিকদের।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দ্বিতীয় মাঠে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টস ভাগ্য এসেছিল থাইল্যান্ডের পক্ষে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি।বাংলাদেশের স্পিনারদের তোপে ৮২ রানে অলআউট হয় থাইল্যান্ড। ১২ ওভারের মধ্যে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। থাইল্যান্ড বোলারদের ওপর ঝড় বইয়ে দেন বাংলাদেশ ওপেনার শামীমা সুলতানা। এক রানের জন্য ফিফটি হাতছাড়ার হতাশা নিয়ে ফিরলেও ততক্ষণে দলের জয় অনেকটা নিশ্চিত হয়ে গেছে।
৩০ বলে ৪৯ রানের ইনিংসে ১০টি চার মারেন শামীমা। মজার ব্যাপার হচ্ছে, থাইল্যান্ডের পুরো ইনিংসেই চারের মার ৫টি। শামীমার অমন আক্রমণাত্মক ইনিংসের সময় আরেক প্রান্তে রয়েসয়ে ছিলেন ফারজানা হক পিংকি। শামীমার আউটের পর অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে ম্যাচ শেষ করে আসেন পিংকি। ২৯ বলে ২৬ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। ছক্কা মেরে ম্যাচের ইতি টানা নিগার সুলতানা অপরাজিত ছিলেন ১০ রানে।
বোলিংয়েও বাংলাদেশের বোলারদের সামলাতে হিমশিম খেয়েছেন থাইল্যান্ড মেয়েরা। ২টি করে উইকেট নেন সানজিদা আক্তার ও সোহেলী আক্তার। তবে দিনের সেরা বোলার লেগ স্পিনার রুমানা আহমেদ। ৩ ওভারে ৯ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রুমানা।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত