সিলেটের বার্তা ডেস্ক:: বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকীদাতা সিলেটের মহসিন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছেন।
আজ বুধবার (১৮ নভেম্বর) বিকেলে তাকে সিলেট মহানগর হাকিম ২য় আদালতে হাজির করা হয়। বিচারক সাইফুর রহমানের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন মহসিন।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওকিল উদ্দিন আহমদ। তিনি জানান, মহসিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে আদালতে তিনি কী বলেছেন, তা বিস্তারিত জানা যায়নি।
মহসিন উদ্দিন সদর উপজেলার টুকেরবাজারের বাসিন্দা।
কলকাতায় কালীপূজায় যাওয়ায় নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে গত রবিবার মধ্যরাতে সাকিবকে ‘কুপিয়ে কুপিয়ে কাটা’র হুমকি প্রদান করেন মহসিন। তার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে সোমবার সকালে আরেক লাইভে এসে আগের হুমকির জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
তবে হুমকি প্রদানের বিষয়টি আমলে নিয়ে মহসিনকে গ্রেফতারে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার রাতে অভিযান চালানো হয় তার বাড়িতে। তবে পাওয়া যায়নি তাকে।
ওই রাতেই জালালাবাদ থানায় এসআই মাহবুব মোর্শেদ বাদী হয়ে মহসিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মঙ্গলবার সকালে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রণশি গ্রাম থেকে মহসিনকে গ্রেফতার করে র্যাব। সেখানে স্ত্রীর বড় বোনোর বাড়িতে আত্মগোপন করেছিলেন তিনি।
এদিকে, গত সোমবার সন্ধ্যার পর নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওবার্তায় সাকিব আল হাসান জানান, তিনি কালীপূজায় নয়, অন্য অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় গিয়েছিলেন।
হুমকির প্রদানের বিষয়টি আমলে নিয়ে বুধবার থেকে সাকিবের নিরাপত্তায় সশস্ত্র গানম্যান নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মতামত