সিলেটের গোলাপগঞ্জে কুশিয়ারা নদীতে কাতলা মাছের আঘাতে আব্দুল হক (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের কালিজুরী ছত্রিশ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হক বুধবারীবাজার ইউনিয়নের কালিজুরী ছত্রিশ গ্রামের নুর উদ্দিনের ছেলে।
জানা যায় সোমবার সকালে মৎস্যজীবী আব্দুল হক প্রতিদিনের মত জাল নিয়ে কুশিয়ারা নদীর বাগিরঘাট এলাকায় মাছ ধরতে যান। দুপুর বেলা হঠাৎ একটি কাতলা মাছ জালে আটকা পড়ে।
এসময় তিনি মাছটি তুলতে গেলে মাছ জালে লাফালাফি শুরু করে। এক পর্যায়ে জাল থেকে বের হতে তার বুকে আঘাত করে।
এতে তিনি প্রচন্ড ব্যথা অনুভব করেন। ঘটনার কিছুক্ষণ পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহতের বিষয়টি নিশ্চিত করেন তার ছোট ভাই আব্দুল আহাদ। এদিকে আব্দুল হকের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের মাতম বইছে। স্থানীয়রা জানান তিনি অত্যন্ত ভাল মানুষ ছিলেন।
মতামত