সুনামগঞ্জের ছাতকে নৌকাডুবে নিখোঁজের তিনদিন পর খালেদ আহমদ (৩০) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের খারগাঁও মাধবপুর এলাকায় পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধারের পর ওইদিন রাতেই জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়।
নিহত খালেদ আহমদ উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের আহমদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে গত ১৫ জুন ছাতক-দোয়ারাবাজারসহ আশপাশ এলাকায় বন্যা দেখা দেয়। এদিন বিকেলে পৌরশহরসহ ছাতকের ১৩টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়ে। যে কারণে সারা দেশের সাথে এখানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
অতিতের সকল রেকর্ড ভেঙ্গে দেয় এ বন্যা। পরদিন ১৬ জুন বিকেলে ছাতক থেকে নৌকা যোগে গোবিন্দগঞ্জ আসার পথে নৌকাটি মাধবপুর এলাকায় এসে ডুবে যায়।
এ দূর্ঘটনায় নিখোঁজ হন নৌকার যাত্রী খালেদ আহমদ।
তার নিখোঁজের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
বন্যার ভয়াবহতার কারণে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে পুরো উপজেলা। ছিলনা মোবাইলে নেটওয়ার্ক। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েন।
দ্বিতল ভবন বা আশ্রয় কেন্দ্রে ছুটাছুটি করতে থাকে মানুষ। এর মধ্যেও স্বজনরা চারদিকে তাকে খোঁজতে থাকে।
অবশেষে তিনদিন পর রোববার বিকেলে খাইরগাঁও মাধবপুর এলাকায় বন্যার পানিতে ভাসমান অবস্থায় তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
ওইদিন রাত ১০টায় জানাযার নামাজ শেষে লাশ দাফন সম্পন্ন হয়েছে।
মতামত