রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ও মূল্যবৃদ্ধির কারণে দেশে কমেছে বিদ্যুৎ উৎপাদন। এ অবস্থায় বিদ্যুৎ সাশ্রয়ে সারাদেশে রাত ৮টায় দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
মঙ্গলবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
সরকারের এ নির্দেশ বাস্তবায়নে সিলেট নগরীতে রাত ৮টায় তদারকিতে নামবে জেলা প্রশাসনের মনিটরিং টিম। প্রথমদিকে দোকানপাট, মার্কেট ও শপিংমল রাত ৮টায় বন্ধ করে দিতে প্রচারণা চালানো হবে। পরবর্তী সময়ে কেউ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার বিকেলে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাাংবদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মো. মজিবর রহমান এ তথ্য জানান।
জেলা প্রশাসক বলেন, জ্বালানি সাশ্রয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের গাড়ি নিয়ে মিটিংয়ে আসতে মানা করা হয়েছে। এখন থেকে জুম অ্যাপের মাধ্যমে মিটিং করা হবে।
তিনি বলেন, জ্বালানি সাশ্রয়ে মঙ্গলবার রাত ৮টা থেকে সব দোকানপাট বন্ধ রাখতে হবে। যারা দোকানপাট বন্ধ করবেন না, তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
জেলা প্রশাসক সবাইকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহবান জানিয়ে বলেন, আমরা যদি গাড়ির ব্যবহার বেশি না করে বাইসাইকেল দিয়ে চলাচল করি তাহলে শরীর সুস্থ থাকবে। একই সঙ্গে পরিবেশও রক্ষা হবে।
এরআগে সোমবার সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ বলেছিলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নির্দেশনা পেয়েছি বিদ্যুৎ সাশ্রয় করতে রাত ৮টার পরপরই দোকানপাট, মার্কেট ও শপিংমল ব্ন্ধ করে ফেলতে হবে। এরই মধ্যে সিলেট বিভাগের চার জেলার জেলা প্রশাসকদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা ব্যবসায়ীদের বিষয়টি জানাবেন এবং এ বিষয়ে প্রচার-প্রচারণা চালাবেন।
মতামত