সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের দুই শিক্ষার্থীর উপর হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। পাশাপাশি কলেজের সামনের সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এতে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
সোমবার রাত সোয়া ১১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত মেডিক্যালের ফটক বন্ধ করে সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে ইন্টার্ন চিকিৎসকরাও।
তাদের ধর্মঘটের কারণে রোগীরা পড়েছেন বিপাকে।
মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা জানিয়েছে, রোববার হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজনরা দায়িত্বে থাকা এক নারী ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করে।
বিক্ষোভকারী শিক্ষার্থী শাহ অসিম ক্যানেডি বলেন, ‘রোববার এক নারী ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে রোগীর দুই স্বজন খারাপ ব্যবহার করে। আমরা তাদের পুলিশের হাতে তুলে দেই।
‘এ ঘটনার জেরে আজ রাত ৮টায় কলেজ ক্যাম্পাসের ভেতরে ঢুকে বহিরাগতরা আমাদের কয়েকজন শিক্ষার্থীদের মারধর করে। এতে দুজন গুরুতর আহত হন।’
তিনি জানান, হামলায় আহত শিক্ষার্থীরা হলেন রুদ্র নাথ ও নাইমুর রহমান ইমন। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক আহমদ মুন্তাকিম চৌধুরী বলেন, ‘এই ঘটনার প্রতিবাদে আমরা ধর্মঘট ডেকেছি। হামলাকারীদের গ্রেপ্তারের আগ পর্যন্ত আমরা কাজে যোগ দেব না।’
মেডিক্যাল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা নিন্দনীয়। আমরা এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করছি।’
ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘটে গেলেও চিকিৎসা সেবায় ব্যঘাত ঘটছে না জানিয়ে তিনি বলেন, ‘আমাদের অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রোগীদের সেবা অব্যহত রেখেছেন।’
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছি।’
মতামত