শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট-৩ আসনে হাবিবের 'আতঙ্ক' দুলাল
প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৩
সিলেট-৩ আসনে জমে উঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লড়াই। প্রচার প্রচারণায় সরব এখন গ্রামীণ জনপদ। তবে এবার নির্বাচনে বাড়তি চাপ অনুভব করছেন নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব। বিজয় নিশ্চিতে নেতাকর্মীদের নিয়ে জোরালো প্রচারণায় রয়েছেন হাবিব।
এবার আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ছাড়াও দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ রেখেছে। যার ফলে আওয়ামী লীগ ঘরনার অনেকেই দলটির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। যার ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ।
সিলেট-৩ আসনে আওয়ামী ঘরানার স্বতন্ত্র প্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল। তিনি বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ও আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য।
আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে এলাকায় গণসংযোগসহ সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি। এহতেশামুল হক চৌধুরীর দুলাল মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। সে হিসেবেও তার প্রতি সহানুভুতি রয়েছে সাধারণ ভোটারদের।
দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ৩৫২ জন। এই ৩টি উপজেলায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দলের স্বতন্ত্র প্রার্থী ডা. দুলালের জন্য কাজ করে যাচ্ছেন। প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর বলয়ের লোকজন এবার ডা. দুলালের জন্য মাঠে-ময়দানে কাজ করছেন। সব মিলিয়ে ভোটের হিসেব-নিকেশও দ্রæত পরিবর্তন হচ্ছে। এ কারণেই আতঙ্ক বাড়ছে আওয়ামী লীগ প্রার্থী হাবিবের।
এ আসনে শক্ত এ দুই প্রার্থীর বাইরেও শক্তিশালী অবস্থানে আছেন জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক। তিনিও ভোটের মাঠে সক্রিয় রয়েছেন।
এছাড়া এ আসনে অন্যান্য প্রার্থীরা হলেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী আনোয়ার হোসেন আফরোজ, বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রন্টের প্রার্থী শেখ জাহেদুর রহমান (মাসুম), আপিলে বৈধতা পাওয়া ইসলামী ঐক্যজোট (আইওজে) প্রার্থী মো. মইনুল ইসলাম।
এ প্রসঙ্গে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, আওয়ামী লীগ প্রার্থী হাবিব ও আওয়ামী ঘরানার স্বতন্ত্র প্রার্থী ডা. দুলাল প্রসঙ্গে বলেন, মাঠ পর্যায়ে যার গ্রহণ যোগ্যতা রয়েছে তিনি বিজয়ী হবেন।
বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর জানান, হাবিবুর রহমান হাবিব আওয়ামী লীগ প্রার্থী এবং ডা. দুলাল দলের স্বতন্ত্র প্রার্থী, তারা দুজনই একই আদর্শের রাজনীতি করেন। দুজনেরই নির্বাচনী এলাকায় গ্রহণযোগ্যতা রয়েছে।
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সাইফুল আলম জানান, গত উপনির্বাচনে হাবিবুর রহমান হাবিব নৌকার প্রার্থী হয়ে বিজয়ী হয়েছেন এবারও তারা আশা করছেন হাবিব ভালো করবেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনী যুদ্ধে নেমেছেন ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল। এ প্রসঙ্গে তিনি জানান, এ নির্বাচনে প্রার্থীতা করার জন্য আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম। দল আমাকে মনোনয়ন না দিলে দলীয় প্রধানের একটি নির্দেশনার আলোকেও আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনসাধারণের চাপে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। রাজনীতিতে পরিবর্তন আনতে হবে।
গতিশীল ট্রাকের মতো দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলাকে গতিশীল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান তিনি।
আতিকুর রহমান আতিক, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। জাতীয় সংসদ নির্বাচন আসলেই সিলেট-৩ আসনে নাম শুনা যায় ওই প্রার্থীর। গেল কয়েকবার থেকে তিনি এ আসনে প্রার্থী হচ্ছেন। জাতীয় পার্টি মহাজোটে থাকলেও জোটের একক প্রার্থী হওয়ার সুযোগ বারংবার হাতছাড়া হয় ওই প্রার্থীর। এবার হাতের মুটো’তে এসেও হাতছাড়া হলো জোটের একক প্রার্থী হওয়ার।
১৯৯১ খ্রিস্টাব্দে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আতিকুর রহমান আতিকের অভিষেক হয়েছিল আওয়ামী লীগ থেকে নৌকার প্রার্থী হয়ে, তবে জয়ী হতে পারেননি তিনি। এ সময় জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন আব্দুল মুকিত খান। পরে মাহমুদ উস সামাদ চৌধুরী নৌকার প্রার্থী হিসেবে এ আসন থেকে প্রতিন্দ্বিতা শুরু করেন এবং মৃত্যু পূর্ববর্তী সময় পর্যন্ত তিনি ওই আসনের এমপি ছিলেন। এক পর্যায়ে আতিক জাতীয় পার্টিতে যোগ দিয়ে তিনি হন পার্টির প্রেসিডিয়াম সদস্য। প্রতিবার নির্বাচন আসলেই জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে হাঁকডাক করে মাঠে নামলেও শেষ বেলায় এসে লাঙ্গলের ঈষ ভেঙে যায় আতিকের।
তবে এবার আওয়ামী লীগের প্রার্থী এবং আওয়ামী ঘরানার স্বতন্ত্র প্রার্থীকে টপকিয়ে গোল করার সুযোগটা কৌশলে কাজে লাগাতে চান জাতীয় পার্টির ওই প্রার্থী।
যোগাযোগ করা হলে আতিক জানান, সিলেট-৩ আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সবাই নতুন, এ হিসেবে বিজয়ের হাসি হাসতে চান তিনি।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত