বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

হবিগঞ্জ

হবিগঞ্জে পাথরবোঝাই ট্রাকে ডাক বিভাগের কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের একটি মেইলবাহী কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দিয়েছে। এতে কাভার্ডভ্যানের চালক ও মেইল গার্ডসহ তিনজন নিহত হয়েছেন।বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কাউছার নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন-কাভার্ডভ্যানের চালক মো. জসিম (৪০), মেইল গার্ড মো. মজনু মিয়া (৫৪) ও মো. রিপন মিয়া (২৩)। নিহত জসিম মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত খয়রুদ্দিনের ছেলে, মজনু মিয়া মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামের মাইনুদ্দিন মিয়ার ছেলে এবং রিপন মিয়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি এলাকার সন্তোষ শাব্দাকরের ছেলে।হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাত ২টার দিকে ঢাকামুখী পাথরবোঝাই একটি ট্রাক (চুয়াডাঙ্গা-ট-১১-০৫০৮) যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। প্রায় আধা ঘণ্টা পর একই দিক থেকে আসা বাংলাদেশ ডাক বিভাগের ডাক ও পার্সেলবাহী একটি মাঝারি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ-১১-৮৪২৫) নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা চালকসহ তিনজনই গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই ওই তিনজনের মৃত্যু হয়েছে।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

হবিগঞ্জে পাথরবোঝাই ট্রাকে ডাক বিভাগের কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩