সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সিলেটে বিক্রি হচ্ছে পঁচা-বাসি মাংস, ৪ দোকানিকে জরিমানা
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২১
সিলেটে পঁচা-বাসি মাংস বিক্রির দায়ে ৪ দোকানিকে জরিমানা করেছে র্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (২৭ মে) নগরীর আম্বরখানা ও কাজিটুলায় যৌথ অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরীর আম্বরখনার শান্টু মিয়ার মাংসের দোকানের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ে। অভিযোগের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দুপুরে ওই দোকানে র্যাব-৯ এর সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় ওই মাংসের দোকানের বিরুদ্ধে আনীত অভিযোগের বেশ কিছু সত্যতা পায় অভিযানকারী দল। অবিক্রিত মাংস ফ্রিজিং করে রেখে অনেকদিন পরও তারা বিক্রি করতো। অভিযানের সময় শান্টু মিয়ার মাংসের দোকানের ফ্রিজ থেকে প্রায় ১০ কেজি পচা মাংস জব্দ করা হয়। এসময় দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর অভিযানকারী দল নগরীর কাজীটুলার দুই ভাই গরুর গোস্তের দোকানে অভিযান পরিচালনা করে। এসময় মাংসের মূল্য তালিকা না রাখার দায়ে ওই দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে ভোক্তা অধিদফতর আরো ২টি দোকানে অভিযান পরিচালনা করে। বিভিন্ন অভিযোগে ৪টি দোকানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ বলেন, নগরীর বিভিন্ন মাংসের দোকানের বিরুদ্ধে প্রায়ই অভিযোগ পাওয়া যায়। এরই অংশ হিসেবে আজ এ অভিযান করা হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত