হবিগঞ্জের বাহুবল বাজারে সিএনজি ও টমটম স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে বাজারের পুরাতন হাসপাতাল সড়ক এলাকায় প্রায় এক ঘণ্টাব্যাপী এ রক্তক্ষয়ী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল বাজারের বকুলতলা এলাকার স্ট্যান্ডটি দখল নিয়ে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। রোববার দুপুরে স্ট্যান্ডের আধিপত্য নিয়ে চালকদের বাকবিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে যান। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার জানান, পুলিশ বর্তমানে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
মতামত